
নিউজ ডেস্কঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৭ জন। তাঁরা ঢাকার গাজীপুর থেকে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন। ট্রাকের ছাদে চড়ে যাচ্ছিলেন স্বল্প আয়ের মানুষগুলো। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আটজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের ভাষ্য,সিমেন্টবোঝাই ট্রাকটি গাজীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। কলাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ছাদে থাকা মানুষ পড়ে গিয়ে সিমেন্টের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ১১ জন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও ৬ নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে,হতাহতরা বেশির ভাগই পোশাকশ্রমিক।