
নিউজ ডেস্ক : পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কাঁঠালবাড়ি ৩ নম্বর রোরো ফেরিঘাটের পন্টুন সরে যাওয়ায় আজ শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে ঘাটটি। সংস্কারকাজ ধীরগতিতে চলায় ভোগান্তিতে পড়েছে এ পথের যাত্রীরা।পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় কাঁঠালবাড়ির ৩ নম্বর রোরো ফেরিঘাটের পন্টুন সরে যাওয়ায় আজ শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে রোরো ফেরি চলাচল। এতে করে শিমুলিয়া ঘাটে আটকে পড়েছে শতাধিক পরিবহন।সকাল থেকে সংস্কারের কাজ শুরু করলেও ঘাটটি এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, পদ্মা নদীতে কয়েক দিন ধরেই পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাঁঠালবাড়ি ঘাটের ৩ নম্বর রোরো ফেরি ঘাটটির পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় সকাল থেকে ঘাটটি বন্ধ রয়েছে। তবে ঘাটটি দ্রুত ঠিক করার জন্য কাজ চলছে। তবে ঘাটের অন্য একটি সূত্র জানায়, ঘাট সংস্কারের কাজ ধীরগতিতে চলায় দুর্ভোগ বাড়ছে। ফলে ঘাটে আটকে পড়েছে কয়েক শ যানবাহন।বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে ঘাটের পন্টুন সরে গিয়ে সকাল থেকেই ঘাটটি বন্ধ রয়েছে। তবে দ্রুত ঠিক করার কাজ চলছে।