News71.com
 Bangladesh
 23 Jun 17, 12:03 PM
 247           
 0
 23 Jun 17, 12:03 PM

রামপুরা-নিকুঞ্জর ভূমি সমস্যা সমাধানে গেজেট ঈদের পরই ।। ভূমিমন্ত্রী শামসুর রহমার শরীফ।

রামপুরা-নিকুঞ্জর ভূমি সমস্যা সমাধানে গেজেট ঈদের পরই ।। ভূমিমন্ত্রী শামসুর রহমার শরীফ।

নিউজ ডেস্ক : রামপুরা থেকে নিকুঞ্জ পর্যন্ত এলাকার ১৩৮৫ দশমিক ২ একর জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়। ঈদের ছুটির পরই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এই জমি নিয়ে প্রকৃত মালিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমার শরীফ। গতকাল সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, উলন, বাড্ডা, জোয়ারসাহারা, ভোলা সুরি ভোলা মৌজার যেসব জমিজমা নিয়ে একটু জটিলতা ছিল, সেগুলো দূর হয়েছে। ১৯৬১-১৯৬২ সালে সরকার এই এলাকার ২৮০০ একর জমি অধিগ্রহণ করে। এসব জমি যে কাজের উদ্দেশ্যে অধিগ্রহণ করা হয়েছিল এরমধ্যে অধিগ্রহণকৃত জমির একটা অংশ সেই কাজে লাগেনি। তাই অধিগ্রহণকৃত জমির ভিতরে ১৩৮৫ দশমিক ২ একর জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া এক বছর আগেই শুরু করেছে মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয় জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, প্রক্রিয়া শুরু হওয়ার পরও নানান কারণে দীর্ঘ এক বছর চলে গেছে। আমাদের দেশে একটা কাজ করতে গেলে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। কিছু মানুষ আছে মন্ত্রণালয়ের ভিতরে ও বাইরে, তারাই জটিলতা সৃষ্টি করে। এ কারণে দেরি হয়েছে। বর্তমান ভূমি সচিব এটি নিয়ে কাজ করছেন। আমরাও চেষ্টা করছি জমিগুলো প্রকৃত মালিকদের দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার। গেজেট নোটিফিকেশন জারি প্রক্রিয়া চলছে। এজন্য একটু সময় লাগছে। শামসুর রহমান শরীফ বলেন, ১৩৮৫ দশমিক ২ একর জমির মধ্যে ১৩৮ এলএকেসে দাগের ১২৩৫ একর জমির তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এই জমির গেজেট চাইলে আজই প্রকাশ করা যাবে। কিন্তু আমরা চাচ্ছি সব জমির তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাই সম্পন্ন করে একসঙ্গে গেজেট প্রকাশ করতে। এ জন্য হয়তো দুই-চার দিন সময় লাগবে। ১৬৫ একর জমির তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। যাচাই-বাছাই শেষ হলেই গেজেট প্রকাশ করা হবে। এই জমি নিয়ে এখন আর কোনো বিভ্রান্তি নেই। কারণ আমরা মন্ত্রণালয় থেকে আগেই সিদ্ধান্ত নিয়েছি প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার ব্যাপারে। ভূমিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে এরশাদ, বেগম খালেদা জিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সময় সবাই মুখে মুখে ভূমি মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কাগজপত্রে কিছু করেননি।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই এলাকার মানুষের ভোগান্তি স্থায়ী সমাধানের জন্য গেজেট প্রকাশ করে বিষয়টি স্থায়ী নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। প্রসঙ্গত, গত প্রায় ৫৫ বছর ধরে ভূমি অধিগ্রহণের অহেতুক যন্ত্রণায় পরে রামপুরা থেকে নিকুঞ্জ পর্যন্ত ভূমি মালিকরা ভোগান্তি পোহাচ্ছিলেন। ২০১৩ সালের পর থেকে ঢাকার ডিসির নির্দেশে বাড্ডা, জোয়ার সাহারা ও ভাটারা মৌজার ১৩৮৫ একর অবমুক্তকৃত সম্পত্তির খাজনা নেওয়া এবং নামজারি বন্ধ রাখার পর থেকে এই এলাকার হাজার হাজার ভূমি মালিক অসহায় হয়ে পড়েন। গত কয়েক মাস ধরে রামপুরা থেকে নিকুঞ্জ পর্যন্ত এলাকার বাসিন্দারা তাদের জমি ফেরত দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন।কিন্তু রাজউক চেয়ারম্যান এবং ঢাকা ডিসি নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন। তারা জমি ভূমি মালিকদের ফেরত দিতে বাধার সৃষ্টি করেছিলেন। এ বিষয় নিয়ে ইতিপূর্বে মন্ত্রণালয়ে একাধিকবার সভা আহ্বান করা হলে রহস্যজনক কারণে সেসব সভা বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত গত ১৪ জুন ভূমি মন্ত্রণালয় একটি সভা করে এই জমির সমস্যা সমাধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। প্রকৃত ভূমি মালিকদের জমি ফিয়ে দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় ওই দিন সিদ্ধান্ত গ্রহণ করে। তার ভিত্তিতেই গত এক সপ্তাহ ধরে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন