
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক ও ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনার মধ্য দিয়ে তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ইমেজ বৃদ্ধির জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে জনগণের সঙ্গে চলছে তামাশা, চলছে নাটক। সরকার চোরকে বলছে চুরি করতে আর পুলিশকে বলছে ধরো ধরো। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে অর্থমন্ত্রীকে বেকুব ও রাবিশে পরিণত করা হয়েছে। বলা হচ্ছে, বিতর্কিত ভ্যাট আইন স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অদ্ভুত ব্যাপার! সব প্রক্রিয়া সম্পন্ন করে তারপর সংসদে যায় বাজেট, বাজেটে অর্থবিল একটা আইন।
এ বিল যাওয়ার আগে মন্ত্রিপরিষদের অনুমোদন হয়। তা হলে আমাদের প্রশ্ন, এটি ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন হলো কীভাবে? নয়াপল্টনে গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অন্যতম এ মুখপাত্র এসব কথা বলেন।রিজভী প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেটের ওপর মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছিল। অথচ এখন মনে হচ্ছে যেন প্রধানমন্ত্রী আগে এটা জানতেন না। যেন জানতেন না যে, এটা জনগণের ওপর চরমভাবে দুর্ভোগ সৃষ্টি করবে। সে জন্য আমরা বলছি, একটা তামাশা করা হয়েছে। এখন অর্থমন্ত্রীকে বলির পাঁঠা বানিয়ে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে রক্ষা করাই হচ্ছে তাদের (সরকার) মূল লক্ষ্য। সত্যিকার অর্থে জনগণের দুর্ভোগ কমাতে তারা কোনো কাজ করছেন না। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।