
নিউজ ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলামের (৩৬) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক তরুণী।আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রোখসানা বেগমের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলার আসামি হামিদুল ইসলাম বর্তমানে রংপুর রেঞ্জে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মুহাম্মদ আবদুল হামিদ।মামলার আরজিতে বলা হয়, হামিদুল ইসলাম ২০১৫ সাল থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সিএমপির গোয়েন্দা ইউনিট ও বিশেষ শাখায় কর্মরত ছিলেন। ২০১৫ সালের ১৭ অক্টোবর একটি মোবাইল চুরির বিষয়ে থানায় জিডি করতে গিয়ে বাদীর সঙ্গে এএসআই হামিদুলের পরিচয় হয়। এরপর হামিদুলের সঙ্গে তার সম্পর্ক হয়। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে সময় কাটান তারা। বাদীর এক দফা গর্ভপাতও করিয়েছিলেন হামিদুল।
গত ২৬ ফেব্রুয়ারি সিএমপির বিশেষ শাখায় কর্মরত থাকা অবস্থায় হামিদুলের অফিসে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন সেই তরুণী। হামিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে একটি বিষের বোতল দেন এবং বিষ খেয়ে আত্মহত্যা করার পরামর্শ দেন। এসময় তরুণী সিএমপির বিশেষ শাখায় হামিদুলের অফিসে বসেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় আসামি নিজেই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ আবদুল হামিদ জানান, আদালত মামলাটি গ্রহণ করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্নের আদেশ দিয়েছেন।