News71.com
 Bangladesh
 22 Jun 17, 11:49 PM
 170           
 0
 22 Jun 17, 11:49 PM

ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা নেই বললেই চলে ।। আইজিপি

ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা নেই বললেই চলে ।। আইজিপি

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর ঘিরে চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা নেই বললেই চলে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন গুলশান পুলিশ প্লাজা কনকর্ড মার্কেটে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন।এ কে এম শহীদুল হক বলেন, ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য, বিভিন্ন ধরনের প্রতারণা নেই বললেই চলে। পুরো রমজানে এবং ঈদের কেনাকাটায় বিপণিবিতানগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করছে।আইজিপি বলেন, দেশব্যাপী ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে।

আশা করি, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবলয় ছিন্ন করে কেউ কোনো ধরনের নাশকতার সাহস পাবে না। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়ছে। মানুষের বাড়ি ফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কগুলোর কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।আইজিপি বলেন, ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার সময় নৌপথ ও রেলপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়ি ফেরা নিরাপদ করতে নৌযান মালিক, বাস ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে বৈঠকও হয়েছে।তিনি বলেন, রমজান মাসজুড়েই পুলিশ ব্যাংকে বড় অঙ্কের টাকাপয়সা লেনদেনে সহায়তা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন