News71.com
 Bangladesh
 22 Jun 17, 09:16 PM
 177           
 0
 22 Jun 17, 09:16 PM

প্রস্তাবিত সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

প্রস্তাবিত সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটি দায়বদ্ধ সম্প্রচার কমিশন গঠনের লক্ষ্যে প্রস্তাবিত সম্প্রচার আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত পরিমার্জন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানান,তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়ন করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব তথ্য জানান।

সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে বাক,ভাবপ্রকাশ ও সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ তথা গণমাধ্যমের বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান,গত সাত বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে। একইসঙ্গে ৩১টি স্যাটেলাইট চ্যানেল,২৪টি এফএম বেতার এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে।

হাসানুল হক ইনু জানান,সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট গত সাত বছরে ১৬ হাজার একজন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে। আর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট একইসময় দুই হাজার ২৫৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে। তিনি জানান,প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসুস্থ সাংবাদিকদের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি সরকার সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক সহায়তা ভাতা বা অনুদান নীতিমালা ২০১২'র আওতায় ২০১১-১২ অর্থবছরে ৬১ জন,২০১২-১৩ অর্থবছরে ১৮৫ জন, ২০১৩-১৪ অর্থবছরে ১৯৬ জন,২০১৪-১৫ অর্থবছরে ১৮১ জন দুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মাঝে যথাক্রমে ৫০ লাখ,এক কোটি,এক কোটি ১০ লাখ,এক কোটি ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে।

ইনু বলেন,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪ এর আওতায় ইতিমধ্যে একটি ট্রাস্টি বোর্ড' গঠন করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা ২০১৬' প্রণয়ন করা হয়েছে। ট্রাস্টের নিজস্ব তহবিল সৃষ্টির লক্ষ্যে সরকার ইতিমধ্যে পাঁচ কোটি টাকার সিডমানি'প্রদান করেছে। তিনি আরো জানান,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রথমবারের মতো ২০১৫-১৬ অর্থবছরে ১৯৬ জন দুস্থ,অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং মৃত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মাঝে এক কোটি ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন