News71.com
 Bangladesh
 22 Jun 17, 09:07 PM
 211           
 0
 22 Jun 17, 09:07 PM

শরীয়তপুরে ১৯১ বস্তা সরকারি চাল জব্দ ।

শরীয়তপুরে ১৯১ বস্তা সরকারি চাল জব্দ ।

নিউজ ডেস্কঃ সরকারি খাদ্য অধিদপ্তরের ১৯১ বস্তা চাল অবৈধভাবে বাজারে বিক্রির সময় জব্দ করা হয়েছে। গতকাল বুধবার শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে ওই চাল জব্দ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান। বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফার দোকান থেকে চালগুলো জব্দ করে জেলা সদরের পালং মডেল থানায় রাখা হয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম কামরুল হাসান সোহেল বলেন, ‘বুধবার সকালে একটি ট্রাকে করে ১৯১ বস্তা চাল আঙ্গারিয়া বাজারে আনা হয়। ওই বাজারের মেহেদী ট্রেডার্স নামে একটি চাল বিক্রির প্রতিষ্ঠানে চালগুলো নামানো হয়। খবর পেয়ে সেই চাল জব্দ করার জন্য উপস্থিত হই। ততক্ষণে দোকানের মালিক ও ট্রাকচালক পালিয়ে যান। ওই চালগুলো যে সরকারি খাদ্যগুদামের, তা নিশ্চিত হওয়া গেছে। খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে চালগুলো আনা হয়েছিল।’

শরীয়তপুরের জেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম কিবরিয়া বলেন, চালের ধরন ও বস্তার ওপরে খাদ্য অধিদপ্তরের সিল দেখে নিশ্চিত হওয়া গেছে, ওই চাল সরকারি খাদ্যগুদামের। কোন গুদাম থেকে ও কীভাবে ওই চাল খোলাবাজারে আসছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। যে দোকানে চাল পাওয়া গেছে, সেটির মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে, ওই চাল কীভাবে খোলাবাজারে এসেছে।মেহেদী ট্রের্ডাসের মালিক গোলাম মোস্তফা পালাতক রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন