
নিউজ ডেস্ক; গাজীপুর সিটি করপোরেশনে ট্রাকের ধাক্কায় শান্তি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। আজ বৃহস্পতিবার ভোরে মাস্টারবাড়ি এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।নিহত জামালপুরের ইসলামপুর থানার দর্জিপাড়া এলাকার হাসমত আলীর স্ত্রী। তিনি গাজীপুরের জয়দেবপুরে সপরিবার বসবাস করতেন।নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই বিনয় কুমার সরকার বলেন, হাসমত আলী নিজের ভ্যানে করে স্ত্রীকে নিয়ে জয়দেবপুর থেকে ভাওয়াল মির্জাপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে মাস্টারবাড়ি পৌঁছালে পেছন থেকে ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শান্তি।এসআই আরও বলেন, পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।