News71.com
 Bangladesh
 22 Jun 17, 06:15 PM
 173           
 0
 22 Jun 17, 06:15 PM

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের কারণ বজ্রপাত ।। মন্ত্রণালয়র প্রতিবেদন

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের কারণ বজ্রপাত ।। মন্ত্রণালয়র প্রতিবেদন

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের কারণ হিসেবে বজ্রপাতকেও দায়ী করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া অতিবৃষ্টি, নির্বিচারে বৃক্ষ নিধন, অপরিকল্পিতভাবে পাহাড়ের মাটি কাটা এবং আবাসনকে পাহাড়ধসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।পাহাড়ধসে ক্ষয়ক্ষতির বিষয়ে তৈরি মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবরণ পাওয়া গেছে। ১৯ জুন চূড়ান্ত করা ওই প্রতিবেদনে বলা হয়, ওই সব কারণে কেবল রাঙামাটি জেলাতেই ১৪৫টি স্থানে পাহাড়ে ধস হয়েছে। পাহাড়ধসের বিষয়ে প্রতিবেদনে আরও বলা হয়, পাহাড়ের মাটি মূলত বেলে-দোঁআশ প্রকৃতির। এ ধরনের মাটির আঠালো গুণাবলি নেই এবং তা শুকনো অবস্থায় কঠিন হয়ে যায়। আবার পানির সংস্পর্শে খুব নরম হয়ে যায়। মাটির পানির ধারণক্ষমতাও কম। ফলে অতিরিক্ত বৃষ্টির পানিতে পাহাড়ের মাটি নরম হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ, জীবনহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।


তবে বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের কারণে পাহাড়ে কম্পন সৃষ্টি হওয়া অসম্ভব। এ ধরনের ব্যাখ্যা অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক। তাঁরা বলছেন, মন্ত্রণালয়ের প্রতিবেদনে সেখানকার পাহাড়গুলোকে বেলে-দোঁআশ মাটি দিয়ে তৈরি বলে যে তথ্যের উল্লেখ করা হয়েছে, তা-ও সঠিক নয়। সেখানে শুধু বেলে কিংবা দোঁআশ ও মিশ্র মাটির পাহাড় রয়েছে। এ ধরনের ভুল তথ্য ও ব্যাখ্যা সমস্যাটি সমাধানের সঠিক পথের সন্ধান দেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, পাহাড়ের সাম্প্রতিক ধসের প্রধান কারণ ভূতাত্ত্বিক। বজ্রপাতের কারণে পাহাড়ধস হয়েছে এমন মত বিভ্রান্তিকর। এই ধসের কারণ অনুসন্ধানের জন্য দেশে যাঁরা পাহাড় নিয়ে কাজ করেন, তাঁদের ডাকা হয়নি, তাঁদের মতামতও নেওয়া হয়নি। তিনি মনে করেন, পাহাড়ের ভূতাত্ত্বিক গঠনকে আমলে না নিয়ে সড়ক নির্মাণ এবং নিয়মিত ভারী যানবাহন যাতায়াতের কারণে পাহাড়গুলোর গঠন দুর্বল হয়ে যায়। বৃক্ষ নিধনের কারণে ন্যাড়া হয়ে যাওয়া পাহাড়ের ভেতরে অতিবৃষ্টিজনিত পানি ঢুকে পড়ায় বড় ধরনের ধস হয়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় দেশের বিশেষজ্ঞদের মতামত না চাইলেও পাহাড়ধসের বিষয়ে পরামর্শ নিতে দুটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিতে আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রণালয় পাহাড়ে উন্নয়নবিষয়ক আঞ্চলিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ইসিমুড) ও চীনের সেংডুর চায়নিজ ইনস্টিটিউট অব মাউন্টেন হেজার্ড নামের দুটি সংস্থার যৌথ বিশেষজ্ঞ দলকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সমীক্ষা চালাতে চায়। মন্ত্রণালয় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি চেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন