News71.com
 Bangladesh
 22 Jun 17, 11:05 AM
 190           
 0
 22 Jun 17, 11:05 AM

গ্রামীন মানুষের বিদুৎ সংকট লাঘবে সারাদেশ ১ লাখ ২০ হাজার ওভারলোডেড ট্রান্সফরমার প্রতিস্থাপন করবে আরইবি

গ্রামীন মানুষের বিদুৎ সংকট লাঘবে সারাদেশ ১ লাখ ২০ হাজার ওভারলোডেড ট্রান্সফরমার প্রতিস্থাপন করবে আরইবি

 

নিউজ ডেস্কঃ চাহিদার তুলনায় বরাদ্দ কম। তাই সংযোগ থাকলেও দিন-রাতের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ মিলছে না। এ সংকট শহরের তুলনায় বরাবরই বেশি গ্রামে। এর ওপর রয়েছে লো-ভোল্টেজের যন্ত্রণা, ভোল্টেজ হঠাৎ বেড়ে বা কমে যাওয়া এবং সিস্টেম লসের ভোগান্তি। এসব দুর্ভোগ দূরকরণের লক্ষ্যে এক লাখ ২০ হাজার ওভারলোডেড বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।সূত্র জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডও গ্রামের মানুষের বিদ্যুৎ কম প্রাপ্তির কথা স্বীকার করছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজেও স্বীকার করেছেন শহরের তুলনায় গ্রামের গ্রাহকদের কম বিদ্যুৎ সরবরাহের বিষয়টি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, শহরের তুলনায় গ্রামের মানুষ বিদ্যুৎ সুবিধা কম পেয়ে থাকে। সরকার চেষ্টা করছে শহর এবং গ্রামের মানুষকে বিদ্যুৎ সুবিধা সমানভাবে দিতে। তবে সে ক্ষেত্রে আরও তিন-চার বছর সময় লাগবে।পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সূত্রে জানা যায়, নির্ধারিত এলাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী সংযোগ প্রদান, লো-ভোল্টেজ সংকট দূরকরণ, ভোল্টেজ হঠাৎ বেড়ে বা কমে যাওয়া বন্ধ করা, সিস্টেম লস দূরকরণসহ গ্রাহকদের গুণগত বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে এক লাখ ২০ হাজার ওভারলোডেড বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। শিগগিরই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৮২টি সমিতি এলাকায় ওভারলোডেড গ্রাহকদের মধ্যে এ ট্রান্সফরমারগুলো প্রতিস্থাপন করা হবে। চীন সরকারের সঙ্গে জি টু জি (সরকার টু সরকার) ভিত্তিতে এ প্রকল্পটি বাস্তবায়ন হতে পারে।

বিদ্যুৎ খাতে বাজেটের বড় অংশ চলে যায় ট্রান্সফরমার ক্রয় বা সংগ্রহ বাবদ। ট্রান্সফরমার সংগ্রহে সরকারের শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ট্রান্সফরমার সংগ্রহে গুণগত মানের বিষয়টি নিশ্চিত না করার ফলে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ট্রান্সফরমার বিকল হয়ে গ্রাহক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে ২০১৫ সালে ট্রান্সফরমার ক্রয়ের ক্ষেত্রে ‘স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন’ বা সুনির্দিষ্ট মানরক্ষার নির্দেশনা দিয়ে পরিপত্রও জারি করে সরকার।ট্রান্সফরমার ক্রয়ে পরিপত্র জারির বিষয়ে ওই সময় মন্ত্রণালয় বলেছে, এতদিন ট্রান্সফরমার ক্রয়ে কোনো নীতিমালা বা নির্দেশনা ছিল না। এ সুযোগে ঠিকাদাররা যেনতেন মানের ট্রান্সফরমার সরবরাহ করেছে। ফলে ট্রান্সফরমার সংগ্রহ বা ক্রয়ের ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হচ্ছে। ফলে নতুন ট্রান্সফরমার বসানোর অল্প সময়ের মধ্যেই এগুলো বিকল হয়ে যাচ্ছে। ফলে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ট্রান্সফরমার ক্রয়ের ক্ষেত্রে ‘স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন নির্ধারণ করে পরিপত্র জারি করে সরকার।


বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে ট্রান্সফরমার সরবরাহে গুটি কয়েক কোম্পানি ব্যবসা করছে। ফলে ট্রান্সফরমার সরবরাহে সুর্নিদিষ্ট স্পেসিফিকেশন তারা মানছে না। এ ক্ষেত্রে বিতরণ কোম্পানিগুলো তাদের সরবরাহ করা ট্রান্সফরমার গ্রহণ করতে বাধ্য হচ্ছে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমার ক্রয়ের পরিপত্র অনেক ক্ষেত্রেই উপক্ষিত হচ্ছে। পরিপত্রে বলা হয়েছিল ট্রান্সফরমার ক্রয়কালে স্পেসিফিকেশন টেন্ডার ডকুমেন্টের সংশ্লিষ্ট অংশে উল্লেখ থাকতে হবে। ট্রান্সফরমার ওয়ারেন্টির মেয়াদ নিজ নিজ সংস্থা বা কোম্পানি প্রয়োজন অনুযায়ী স্পেসিফিকেশনে উল্লেখ করবে। মন্ত্রণালয় নির্ধারিত স্পেসিফিকেশন ছাড়া কোনো ট্রান্সফরমার ক্রয় করা যাবে না।বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সারা দেশে পাঁচটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রায় ১২ লাখ বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। যার মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একাই প্রায় ১০ লাখ। বাকি চারটি বিতরণ কোম্পানির রয়েছে প্রায় দুই লাখ ট্রান্সফরমার। এর মধ্যে গড়ে প্রতিমাসে প্রায় দুই থেকে আড়াই হাজার ট্রান্সফরমার পুড়ে যায়। যার বেশিরভাগই ওভারলোডজনিত সমস্যার কারণে। তাই গ্রামীন জনপদের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সরকার পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি'র মাধ্যমে সারাদেশ ১ লাখ ২০ হাজার ওভারলোডেড ট্রান্সফরমার প্রতিস্থাপন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন