News71.com
 Bangladesh
 21 Jun 17, 09:36 PM
 174           
 0
 21 Jun 17, 09:36 PM

ঈদের পর সারাদেশের রাজনীতির মাঠ দখলে রাখবে আওয়ামী লীগ।

ঈদের পর সারাদেশের রাজনীতির মাঠ দখলে রাখবে আওয়ামী লীগ।

নিউজ ডেস্কঃ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন মন্ত্রী-এমপিরা কোন্দল নিরসন ও সদস্য সংগ্রহ অভিযান ১০ শতাংশ ভোট বৃদ্ধির পরিকল্পনা এমপিরা বিতর্কে জড়ালে থাকবে মনোনয়ন না দেয়ার ঘোষণাইয়াছিন রানা ঈদের পর বিএনপির আন্দোলনে নামার হুমকিতে আওয়ামী লীগ কোনো পাত্তা না দিলেও এ সময়টুকু রাজনৈতিক মাঠ নিজের দখলে রাখার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন এ দলটি। এ লক্ষ্যে বিএনপিকে কৌশলে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিজেদের নেতাকর্মীদের চাঙ্গা করার নানামুখী কর্মসূচি সাজিয়েছে দলীয় হাইকমান্ড, যা সরাসরি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটরিং করবেন।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে আওয়ামী লীগের হাতে রয়েছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া পুরনো ফৌজদারি মামলা। তারা যদি আন্দোলন করতে চান; রাজপথে নামার চেষ্টা করেন; তাহলে পুরনো মামলা চাঙ্গা করে মাঠে নামার আগেই নেতৃত্ব প্রদানকারীদের গ্রেফতার করা ও আতঙ্ক ছড়িয়ে মাঠ নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি রয়েছে।


এ ছাড়া আগামী নির্বাচনের প্রস্তুতি, সরকারের ইমেজ বৃদ্ধি ও সংগঠনকে গতিশীল করতে সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে ঈদের পরই তৃণমূলে ঘরে ঘরে যাবেন দলটির বর্তমান এমপি-মন্ত্রী ও একাদশ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীরা। পুরোদমে চালানো হবে সদস্য সংগ্রহ অভিযান ও সদস্যপদ নবায়ন। নিরসন করা হবে অভ্যন্তরীণ কোন্দল। সমস্যা সমাধানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ভরতাও কমানো হবে। এদিকে প্রধানমন্ত্রী সবকিছু কঠোরভাবে মনিটরিং করার পাশাপাশি জেলায় জেলায় জনসভায় অংশ নেবেন। সবকিছুই করা হবে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে। সূত্র জানায়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট মামলা রয়েছে ২০ হাজার। এ মামলাগুলো চাঙ্গা করার প্রস্তুতি চলছে। মামলায় নামে-বেনামে আট লাখের মতো আসামি; যার বেশির ভাগ আসামি দলটির নেতাকর্মী। মামলার তদন্ত দ্রুত শেষ করা ও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ক্ষমতাসীনরা মনে করেন, বিএনপির নেতাকর্মীদের ভেতরে ভীষণ গ্রেফতার আতঙ্ক থাকে। তাই গ্রেফতার আতঙ্ক ছড়ালে আন্দোলন থেকে পিছু হটবেন তারা। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙামাটি যাওয়ার পথে হামলায় আহত হলে সোমবার মহানগর উত্তর ছাত্রদলের কিছু নেতাকর্মী তার উত্তরার বাসায় দেখা করতে যান। এ সময় কয়েক গাড়ি পুলিশ বাসা ঘিরে ফেলে। ফলে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। দক্ষিণখান থানা ছাত্রদল নেতা মাসুদ মিয়া জানান, সর্বশেষ মির্জা ফখরুলের কারণে তাদর গ্রেফতার করতে পারেনি পুলিশ।আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খান যায়যায়দিনকে বলেন, বিএনপি যত কথাই বলুক আন্দোলনে যাওয়ার মতো সাহস ও শক্তি কোনোটাই তাদের নেই। তবে বিএনপি আন্দোলনের দিকে গেলে সরকারও নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, তাদের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা রয়েছে। আন্দোলনে গেলে এগুলো নিশ্চয়ই পুনরুজ্জীবিত হবে।

আওয়ামী লীগ নেতাদের মতে, বিএনপি গণতান্ত্রিক পথে রাজনীতি করার সুযোগ পাবে। কিন্তু অগণতান্ত্রিক কোনও উপায়ে কিছু করার চেষ্টা করা হলে কঠোর হবে সরকার। তাদের প্রতি জনগণের আস্থা নাই। ফলে দলটির আন্দোলন সফল করে তোলা একটি অসাধ্য কাজ।এছাড়া বিএনপির আন্দোলন মানে জ্বালাও-পোড়াও, মানুষ খুন ও দেশের সম্পদ নষ্ট করার আন্দোলন, এটাও ব্যাপকভাবে প্রচারে নামবে আওয়ামী লীগ। ২০১৫ সালে আন্দোলনের নামে বিএনপি দেশে যে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল, তা মানুষের কাছে বার বার তুলে ধরা হবে। যাতে করে তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত না হয়। তবে শুধুমাত্র বিএনপিকে নিয়ন্ত্রণ করে নয় ক্ষমতায় থাকতে হলে এবং আগামী দিনে ক্ষমতায় আসতে হলে দলকে শক্তিশালী করা এবং ১০ শতাংশ ভোট বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা। এজন্য গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় কাউন্সিলের পর নেতারা জেলা সফর করছেন। পাশাপাশি বিরোধপূর্ণ জেলার নেতাদের ঢাকায় ডেকে কথা বলছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ালীমীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহ বলেন, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে আরও বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা ঈদের পর মাঠে যাবেন। তিনি বলেন, আওয়ামী লীগের জনসমর্থন ও ভোট বাড়ানোর জন্যও বেশকিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামী দিনগুলোয় জনসমর্থন ও ভোট বাড়ানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম যায়যায়দিনকে বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের পরই সংগঠনকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। এখন রমজানের কারণে সাংগঠনিক সফর না করা হলেও ইফতার রাজনীতির মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে। সে সময় দলকে সুসংগঠিত করতে কী কী করণীয় তাও বলা হচ্ছে। তিনি বলেন, ঈদের পর কেন্দ্রীয় নেতারা জেলা-উপজেলা সফর করবেন। ইতোমধ্যে সরকারের উন্নয়ন প্রচার করতে দলের এমপি-মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের নীতিনির্ধারকপর্যায়ের একজন নেতা জানান, যদি কোনো সংসদ সদস্য নেতিবাচক কাজের দ্বারা বিতর্কিত হন, সংগঠনের ইমেজ ক্ষুণ্ন করেন, উন্নয়ন প্রচারে অংশ না নেন, সংগঠনের কাজে সময় না দেন তাহলে তাকে আগামী নির্বাচনের মনোনয়ন দেয়া হবে না বলেও সরাসরি জানিয়ে দেয়া হবে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর কক্সবাজারে ত্রাণসহায়তা দিতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে আগামী নির্বাচনের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন। এরূপ ঘটনা আরো অনেক সংসদ সদস্যের বেলায় ঘটতে পারে বলে জানিয়েছেন একাধিক নেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন