
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে পরপর দুই দিন সরকারি ও বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে সংসদে আজ বুধবার অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অর্থমন্ত্রী সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়। অর্থমন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আছে। তিনি আরও বাজেট দেবেন।জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।গতকাল মঙ্গলবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তোফায়েল আহমেদ বলেন, বাবলু যে ভাষায় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন, তার কাছ থেকে এটা আশা করিনি।
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, অর্থমন্ত্রীর বয়স নিয়ে কথা বলেছেন জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দীন বাবলু। তিনি বাবলুকে উদ্দেশ করে বলেন, শুধু অর্থমন্ত্রীর বয়স নিয়ে কেন কথা বলেন, আপনাদের নেতা এইচ এম এরশাদের বয়সের কথা চিন্তা করেন না? তার বয়স অর্থমন্ত্রীর বয়সের চেয়ে পাঁচ বছর বেশি। তিনি একবার আপনাকে মহাসচিব বানান আবার আপনাকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদারকে বানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাবলু কীভাবে ভুলে গেলেন তার মামা শ্বশুর, তার নেতার (এরশাদ) বয়স ৮৬ বছরের বেশি। বাবলু যদি বলতেন, এরশাদের অনেক বয়স হয়েছে, পদত্যাগ করেন, তাহলে ভালো হতো।তোফায়েল আহমেদ আরও বলেন, এ বাজেট সংসদে পেশ করার আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। আমার কোনো কথা থাকলে সেটাই (মন্ত্রিসভা) ছিল প্রপার প্লেস। বাজেট পেশের পর সংসদ সদস্যরা বলতে পারেন।তিনি বলেন, এটা প্রস্তাবিত বাজেট। চূড়ান্ত নয়। সবার আলোচনা গুরুত্ব দেওয়া হবে। ২৮ জুন প্রধানমন্ত্রী বাজেট নিয়ে সমাপনী ভাষণ দেবেন। সেখানে অর্থমন্ত্রীর জন্য পরামর্শ থাকবে। তার বিশ্বাস বাজেট এমনভাবে পাস হবে যে, মানুষ শুধু প্রশংসা করবে না, বলবে, এটা দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বাজেট।