
নিউজ ডেস্কঃ ঈদের আগে সাপ্তাহিক ছুটির দুই দিন ঢাকা ও চট্টগ্রামে তৈরি পোশাক শিল্প কারখানা সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ও শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই শাখাগুলোতে লেনদেন চলবে।আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঈদকে সামনে রেখে রপ্তানি আয়ের প্রধান খাত ‘তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে’ এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ২৩ জুন শুক্রবার অর্ধদিবস এবং ২৪ জুন শনিবার পূর্ণ দিবস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।”বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের এক সার্কুলারের মাধ্যমে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।