
নিউজ ডেস্কঃ খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ভূপতি কবিরাজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্ত আসামি ভূপতি কবিরাজ কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি টিটো বিশ্বাসের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের হিমাংসু কবিরাজের ছেলে ভূপতি কবিরাজ সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। তার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে তাকে নিজ ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে।এ ঘটনায় ছাত্রীর পিতা ২০১২ সালের ১৯ আগস্ট বাদী হয়ে ভূপতি কবিরাজ ও টিটো বিশ্বাসকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার এসআই নিশিকান্ত সরকার উক্ত দু'জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এনামুল হক ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বপন কুমার দাস।