
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টুর কারামুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে রিজভী এ অভিযোগ তোলেন। এ হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে তিনি আরো বলেন,আওয়ামী লীগের সবার শীর্ষে যিনি প্রধানমন্ত্রী,তারই নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। তারই নির্দেশে হাসান মাহমুদ বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করেছে। এটা অবধারিত সত্য।
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি যাওয়ার পথে গত রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার মুখে পড়ে বিএনপি মহাসচিবের গাড়িবহর। বিএনপি এ জন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদকে দায়ী করেছেন। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে হাছান মাহমুদ গাড়িবহরে হামলার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন। রিজভী বলেন,আওয়ামী লীগ মনে করেছে মহাসচিবের গাড়িবহরে হামলার মধ্য দিয়ে বিএনপি ভয় পেয়ে যাবে। তারা যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কাওরান বাজারে হামলা করেছিল,নারায়ণগঞ্জে হামলা করেছিল,এবারও তেমনি হামলা করেছে।