
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. মনজু (১৭) নামের এক শ্রমিকের পায়ুপথ দিয়ে পেটে বাতাস ঢোকানোর ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে যাত্রাবাড়ী মীর হাজীরবাগের জমজম ফ্যান নামে একটি কারাখানায় এ ঘটনা ঘটে। মনজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মনজুকে স্যালাইন দেওয়া হচ্ছে। সে এখন কথা বলতে পারছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
জমজম ফ্যানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধিকে জানান, মজা করে খেলার সময় এ ঘটনা ঘটে। আরিফ নামের এক শ্রমিক পাইপ দিয়ে মনজুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে মনজু অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আরিফকে কারাখানা কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। মনজুর পরিবারের লোকজন অভিযোগের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।