
নিউজ ডেস্কঃ নেত্রকোনার বারহাট্টায় সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফের ৩৫০ কেজি চালসহ নূরুল হুদা নামে উপজেলার চিরাম ইউনিয়নের এক দফাদারকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিরাম ইউনিয়নের বামুনগাঁও বাজারে অভিযান চালিয়ে ওই চালসহ দফাদারকে আটক করেন ইউএনও।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা ইয়াসমিন জানান, গতকাল রবিবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের দফাদার নুরুল হুদা ৫০ কেজি ওজনে ৭ বস্তা সরকারি ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি করার জন্য একটি অটোরিকশাযোগে বামুনগাঁও বাজারে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই চালসহ দফাদার নূরুল হুদাকে আটক করা হয় এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।