News71.com
 Bangladesh
 19 Jun 17, 11:12 PM
 228           
 0
 19 Jun 17, 11:12 PM

ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন অনুমোদন দিল মন্ত্রিসভা ।

ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন অনুমোদন দিল মন্ত্রিসভা ।

নিউজ ডেস্কঃ লাইসেন্স ছাড়া কৃষি কাজের জন্য নলকূপ স্থাপনে শাস্তি বাড়িয়ে কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ অনুমোদনের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে ছিল দি গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স, ১৯৮৫। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে একে আইনে রূপান্তরের নির্দেশনা আছে। তাই একে নতুন করে আইনে পরিণত করা হচ্ছে। প্রথমত এটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে।নতুন আইনে উপজেলা পরিষদের ক্ষমতায়ন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইন অনুযায়ী উপজেলা সেচ কমিটি নামে একটি কমিটি করা হবে, সেটা উপজেলা পরিষদের নির্দেশনায় পরিচালিত হবে। এখানে লাইসেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ভূ-গর্ভস্থ পানি কৃষি কাজে ব্যবহারের জন্য লাইসেন্স লাগবে। লাইসেন্স দেবে উপজেলা সেচ কমিটি। তিনি বলেন, কমিটি লাইসেন্স দেয়ার আগে সরেজমিনে পরিদর্শন করবে। কোন জায়গায় নলকূল স্থাপনের প্রয়োজন আছে কিনা সেটা খতিয়ে দেখবে। নিকটবর্তী নলকূপের দূরত্ব কতটুকু তা দেখবে। কারণ আমরা যদি অপরিকল্পিত ভাবে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করতে থাকি তাহলে পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে। সেকে নিয়ন্ত্রণের জন্য এ আইনে বিধান রাখা হয়েছে।


বিদ্যমান নলকূপগুলোকে সময় দিয়ে লাইসেন্স নেয়ার সুযোগ দেওয়া হবে জানিয়ে শফিউল আলম বলেন, আগের আইনেও নলকূপ স্থাপনে লাইসেন্স নেয়ার বিধান ছিল। প্রস্তাবিত আইনে লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপনে দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে জরিমানা ছিল সর্বোচ্চ ২ হাজার টাকা। নতুন আইনে তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা বা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড। আগের আইনে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিষয়টি ছিল না। উপজেলা পরিষদ নলকূপের লাইসেন্স সাসপেন্ড বা বাতিলও করতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি কোন লাইসেন্স এক বছরের মধ্যে তিনবার স্থগিত হয় তবে উপজেলা পরিষদ শুনানি দিয়ে তা বাতিল করে দিতে পারবে।শফিউল আলম আরও বলেন, সেচ কমিটির গঠন বিধির মাধ্যমে নির্ধারিত হবে। তবে এটা এখনও করা হয়নি। বিধির মাধ্যমে কমিটির কাজও নির্ধারিত হবে। লাইসেন্সের জন্য ফিও নির্ধারণ করা হবে। এর আগে ৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ের উপস্থাপিত এ খসড়া আইনটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন