
নিউজ ডেস্কঃ যশোরের বাঘারপাড়া উপজেলার আয়াপুর থেকে সাব্বির হোসেন নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দু'দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির সময় সাব্বির গুলিবিদ্ধ হয় বলে দাবি করেছে বাঘারপাড়া থানা পুলিশ। নিহত সাব্বির বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। বাঘারপাড়া থানার এসআই নিয়ামুল বলেন,গতকাল রবিবার মধ্যরাতের দিকে আয়াপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির কাছে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক যুবককে পড়ে থাকতে দেখেন তারা। নিহতের ঘাড়ের বাম পাশে মাথার নীচে গুলি বিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।
পুলিশের দাবি,গতকাল রবিবার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের সাইদুলের বাড়িতে অভিযান চালিয়েছিল বাঘারপাড়া থানা পুলিশের একটি দল। ওই বাড়ি থেকে থেকে অস্ত্র,মাদক,মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে পুলিশ। আটক তিনজনের মধ্যে সাব্বির হোসেনও ছিলেন। পরে হাতকড়া লাগানো অবস্থায় সাব্বির পুলিশের কাছ থেকে পালিয়ে যায় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।