News71.com
 Bangladesh
 19 Jun 17, 03:09 PM
 185           
 0
 19 Jun 17, 03:09 PM

মনোনয়ন বঞ্চিত হওয়ার শঙ্কায় আওয়ামীলীগ সাংসদরা ।। ঈদকেন্দ্রীক মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাপ শুরু  

মনোনয়ন বঞ্চিত হওয়ার শঙ্কায় আওয়ামীলীগ সাংসদরা ।। ঈদকেন্দ্রীক মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাপ শুরু   

নিউজ ডেস্কঃ জনবিচ্ছিন্ন, বিতর্কিত ও নিষ্ক্রিয় সাংসদদের একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে না আওয়ামীলীগের হাইকমান্ডের এমন হুশিয়ারির পর নড়েচড়ে বসেছেন অনেকেই। তাই নির্বাচন এখনো বেশ অনেকটা দূরে থাকলেও তাদের কেউ কেউ আগেভাগেই সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে নতুন করে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি দলীয় প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন সেদিকে তীক্ষ্ন নজর রাখছেন।দলটির একাধিক সূত্র জানান, আগামী নির্বাচনে বর্তমান প্রায় শতাধিক সাংসদ দলীয় মনোনয়ন পাবেন না। কারা এই সাংসদ এ ব্যাপারে দলের নির্দিষ্ট কোনো বক্তব্য না থাকলেও গণমাধ্যমে অনেকের নাম আলোচিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, যেসব সংসদ সদস্য আগে মাসে একবারও নিজ এলাকায় যেতেন না; যারা এলাকায় নিজ ঘনিষ্ট নেতাকর্মী ছাড়া কারও সঙ্গে সম্পর্ক রাখতেন না এবং যোগাযোগও করতেন না; তারা সবাই এখন নিজ নিজ এলাকায় অতিমাত্রায় সক্রিয়। না চাইতেই এলাকার পক্ষ-বিপক্ষ সব নেতাকর্মীর সঙ্গেই যোগাযোগ করছেন। রমজানের বেশির ভাগ দিন এলাকার অনুষ্ঠানগুলোতে ইফতার করছেন। বিভিন্ন উপায়ে নেতাকর্মীদের কাছে টেনে নিজস্ব বলয় তৈরির চেষ্টা করছেন।

তৃণমূল আওয়ামী লীগ নেতাদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমকে কাজ হয়েছে। মনোনয়ন না পাবার ভয় ঢুকেছে সাংসদদের মনে। আগে সাংসদরা যে রকম 'ড্যাম কেয়ার' ভাব দেখাতেন এখন তা অনেকটা কমেছে। তারা নিজে থেকেই এখন এলাকার খোঁজখবর নেন এবং সমস্যা সমাধান করে উন্নয়নের চেষ্টা করছেন। তৃণমূল নেতারা আরও জানান, প্রতিটি আসনেই দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী নেতা রয়েছেন। তারা ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নিজ নিজ বলয় তৈরি করছেন। এতে দলে বিভক্তি ও কোন্দল বাড়ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বিভক্তি আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।এদিকে বিপুলসংখ্যক সাংসদ আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না এমন খবরে উৎফুল্ল দলটির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী নেতারা। আগামী দিনের সাংসদ প্রার্থী হিসেবে নিজের প্রচার-প্রচারণায় কোন ঘাটতি রাখছেন না। সংবাদকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের খবরের তালিকায় তার নাম থাকে। এছাড়া একদিকে দলের হাই-কমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন মনোনয়ন নিশ্চিত করার জন্য। পাশাপাশি নিজ আসনের নেতাদের ঐক্যবদ্ধ করে সমর্থক গোষ্ঠী তৈরি করছেন।

রাজনৈদিক বিশ্লেষকদের মতে, বিতর্কিত, জনবিচ্ছিন্ন ও অপরাধের সঙ্গে জড়িতদের নির্বাচনের মনোনয়ন না দেবার বিষয়ে দলের অবস্থান রাজনীতির জন্য ভালো কিন্তু ক্ষতিকর দিকও আছে। যেসব সাংসদ মনে করছেন আগামীতে দলের মনোনয়ন পাবেন না তারা আরও বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়বেন। কারণ তিনি চিন্তা করবেন এবারই তার শেষ সময়। এছাড়া তার বিপক্ষে যারা নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছেন তাদের ক্ষতি করার চেষ্টা করবেন যাতে তিনি প্রার্থী হওয়ার চেষ্টা না করেন। বিশ্লেষকরা বলেন, নির্বাচনের দেড় বছর আগে থেকে কে দলের মনোনয়ন পাবেন আর কে পাবেন না এমন আলোচনা ক্ষমতাসীন দলের একটি সুন্দর রাজনৈতিক কৌশল। যার উদ্দেশ্য সংসদ সদস্য এবং নতুন মনোনয়নপ্রত্যাশী সকলকেই নির্বাচনমুখী করা এবং দলের মধ্য থেকে নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন স্বচ্ছ ভাবমূর্তির যোগ্য প্রার্থী খুঁজে বের করা।


এসব বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, দলে যারা বিভক্তি তৈরি করছেন তাদের বাদ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে মনোনয়ন না দিলে জয় তুলে আনা বেশ কঠিন। কারণ যেসব নেতার এলাকায় রাজনৈতিক অবস্থান নেই তিনি নির্বাচন করে জয় পেয়েছেন খুব কম। এছাড়া কোন্দলরত প্রার্থীরা নিজেরা মনোনয়ন না পেলে দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে হারানোর চেষ্টা করবেন। তাই এক্ষেত্রে দলকে অবশ্যই শক্ত অবস্থান নিতে হবে। তিনি বলেন, যেসব সাংসদ ও নেতারা অপকর্মের সঙ্গে জড়িত; যখন তারা বুঝবেন আগামীতে মনোনয়ন পাবেন না তখন তারা আরও বেশি ডেসপারেট হয়ে অপরাধ বেশি করবেন এবং পকেট ভারী করার চেষ্টা করবেন। তাই সর্বপ্রথম এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে নির্বাচনের সময়ও তারা অপকর্ম করবেন। এছাড়া দলের কেন্দ্রীয় কমান্ডকেও মনোনয়ন দেবার বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, এলাকাতে অবস্থান রয়েছে এমন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। এছাড়া দলের প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের কাজে লাগানো নিশ্চিত করা এবং দলের কেউ যাতে তার বিপক্ষে বিদ্রোহী হয়ে নির্বাচন না করে তার ব্যবস্থা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন