News71.com
 Bangladesh
 18 Jun 17, 10:36 PM
 247           
 0
 18 Jun 17, 10:36 PM

সরকারী মদদেই তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

সরকারী মদদেই তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি যাওয়ার পথে নিজের গাড়ী বহরে হামলার জন্য সরকারী দলের সন্ত্রাসীদের দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারী মদদেই এ হামলা হয়েছে। এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্র, মুক্তচিন্তা ও জাতীয়তাবাদী শক্তির উপর হামলা। এই ঘটনায় প্রমাণ করে সরকার ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করছে। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভয়াবহ পাহাড় ধসে নিহতদের পরিবারকে সমবেদনা ও দুর্গতদের ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্দেশ্যে রাঙ্গামাটিতে যাওয়ার পথে সকালে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইছাখালী এলাকার গোছরা বাজারে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা হয়। হামলায় তিনি ছাড়াও কেন্দ্রীয় ৬ নেতাসহ ১০ জন আহত হন। হামলার পর রাঙ্গুনীয়া থেকে চট্টগ্রাম নগরীতে ফিরে আসেন বিএনপির নেতারা। এরপর চট্টগ্রাম প্রেসক্লাবে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনীয়ায় আমাদের গাড়িতে আক্রমণ করা হয়। এতে আমি ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীসহ অনেকে আহত হন। আমাদের গাড়ি ইছাখালী এলাকায় পৌঁছতেই ত্রিশ থেকে চল্লিশজন সন্ত্রাসী লাঠি-সোটা, লোহার রড, হকি ইস্টিক নিয়ে হামলা চালায়। তিনি বলেন, সরকারী দলের সন্ত্রাসীরা এই হামলা করেছে। ওই এলাকার সরকার দলীয় সংসদ সদস্য (ড. হাছান মাহমুদ) প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে কথা বলেন উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেন এই হামলার পেছনে তার হাত আছে কিনা জবাবে মির্জা ফখরুল বলেন সেটা আপনারাই খুঁজে বের করুন।

তিনি আরও বলেন, এটা আমাদের কোন রাজনৈতিক কর্মসূচি নয়, আমরা দুর্গত মানুষের সাহায্য দিতে রাঙ্গামাটি যাচ্ছিলাম। এই ধরনের কর্মসূচিতে হামলা অবিশ্বাস্য। দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হামলার পর রাঙ্গামাটি জেলা বিএনপির নেতাদের বিষয়টি জানানো হয়েছে এখন তারা সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর জেনারেল অব. রুহুল আলম চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন