
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় সদস্য রুহুল আমিন হাওলাদার বলেছেন,আগামী নির্বাচন ঘিরে অপশক্তি সোচ্চার। এ অবস্থায় বাজেটে ভ্যাটের এই প্রস্তাব আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। দেশের মানুষের ওপর ভ্যাটের বোঝা যে ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে তাতে কর্মমুখী মানুষ কর্ম-বিমুখ হবে। উন্নয়ন স্থবির হয়ে পরবে। ২ কোটি মানুষ কর্ম সংস্থান হারাবে। আর আবগারি শুল্কের কারণে ২ লাখ কোটি টাকা পাচারের সম্ভবনা আছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বাজেট অধিবেশনে আজকের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন,সামনে নির্বাচন। দেশি বিদেশী অনেক চক্রই প্ররোচনা দিচ্ছে। বাজেটের সাথে সংশ্লিষ্টরা ওদের সাথে মিলে সরকারের ভাবমূতি নষ্ট করছে। হয়তো অর্থমন্ত্রী সেটা জানেনও না। তিনি বলেন,দেশি বিদেশী চক্রান্ত যখন চলছে তখন বাজেটে যেভাবে ভ্যাটের বোঝা চাপানো হয়েছে। এটা অপ্রত্যাশিত,অনাকাঙ্খিত। এই কৌশল প্রণয়ন করেছেন যারা,বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত তারা।
বিরোধী দলীয় এই নেতা বলেন,ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যাংকিং খাতে হাজার কোটি টাকা লুট হয়েছে,কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরি হয়েছে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানা যায়নি। যেহেতু আমরা মানুষের জন্য রাজনীতি করি,তাই তাদের কষ্ট হয়,এমন কিছু করা উচিত নয়। তিনি আরো বলেন,রমজানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাজারে ছেড়ে দিলেন কেন? নির্বাচন সামনে কী করে চালের দাম বাড়ল? কখন থামবে?এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে,তা জানিয়ে তিনি খাদ্যমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি জানান তিনি।