
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী ট্রেনের সাথে তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হতে রক্ষা পেয়েছে। এতে আতঙ্কিত হয়ে ট্রেনের যাত্রীরা লাফিয়ে পড়লে কয়েকজন আহত হন।শনিবার বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার গচিহাটা রেলস্টেশনের নিকটে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈশাখা ৪০ ডাউন ট্রেনটি গচিহাটা সিগনাল দেখে স্টেশনে প্রবেশ করতে থাকে। একই লাইনে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেন সিগনাল পেয়ে প্রবেশ করে।
এ দৃশ্য দেখে যাত্রীরা চিৎকার করতে থাকে। পরে উভয় ট্রেনের চালক ট্রেন থামায়। এতে দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসে। এ সময় কয়েক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়ে সামান্য আহত হন। এ ঘটনার পর উত্তেজিত লোকজন ধাওয়া করলে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম পালিয়ে যান।কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে উত্তেজিত জনতাকে শান্ত করা হয়। এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম আ. হাই এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।