
নিউজ ডেস্কঃ চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জমে থাকা পানি অপসারণ অভিযানে অংশ নিয়েছেন ১০ হাজার মেডিকেল শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদপ্তরের আহ্বানে সাড়া দিয়ে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর ৯২টি স্থানে তারা সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে তা ধ্বংস, মোটরযান মেরামতের দোকানে গিয়ে টায়ার থেকে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং যাতে পানি জমতে না পারে সেজন্য পুরনো টায়ারগুলো ফুটো করা, আবর্জনার ভাগাড়গুলোতে মশা প্রজননস্থল, পরিত্যক্ত ডাবের খোসা অপসারণ এবং বাসাবাড়ির ভেতরে এডিশ মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে ধ্বংস করেন। একই সঙ্গে জনসাধারণকে চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে অবহিত করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।অভিযানে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, সচেতনতামূলক কার্যক্রমে তারা সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। প্রতিটি ওয়ার্ডে ঘুরে এডিস মশা ধ্বংস করার কৌশল ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে তারা মানুষকে সচেতন করেছেন।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর বাহক এডিস মশা। তাই এই মশা নিধনের পাশাপাশি উৎপত্তিস্থল ধ্বংস করতে ১০ হাজার মেডিকেল শিক্ষার্থী কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের এই অভিযানের মূল উদ্দেশ্য জনগণকে সচেতন করা।মোহাম্মদ নাসিম বলেন, ‘কেবল ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে অর্ধস্বচ্ছ পানি, ফুলের টব, ফেলে রাখা কৌটা বা বোতল, পানির ট্যাংক, ছাদে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার আবর্জনা বা ডাবের খোসার ভেতরেও এডিস মশা জন্ম নেয়। সিটি করপোরেশন কর্মীরা ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। তাই ঘরে ঘরে সচেতনতা ছড়িয়ে দিতে সাদা অ্যাপ্রোন পরে মেডিকেল শিক্ষার্থীরা কাজ করছে।’
পরে স্বাস্থ্য মন্ত্রী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, আজিমপুর সরকারি কলোনি ও ধানমন্ডি ২ নম্বর এলাকায় শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ উদ্দিন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিটি স্পটে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের এডিস মশা নিধন কর্মসূচি পরিদর্শন ও সমন্বয় করেন।