
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের তিন দিন পর জয়নাল মিয়া (২৪) নামে এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর প্রতিপক্ষের বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল বিকেল পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে অন্তত ১০টি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত জয়নাল মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনার পরপর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালক জয়নাল মিয়া অটোরিকশা নিয়ে বের হয়। উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজার থেকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেয় একই গ্রামের কালন মিয়া (২২) ও ফায়জুল মিয়া (২৩)। ওই দুই যাত্রীকে নিয়ে যাওয়ার পর অটেরিকশাসহ জয়নাল মিয়া নিখোঁজ হয়। তিন দিন পর গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খালে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে গতকাল তার লাশ গ্রামে দাফন করা হয়েছে।
কালন মিয়া ও ফায়জুল মিয়া জয়নাল মিয়া নিখোঁজের পর গা-ঢাকা দিয়েছে। গত বৃহস্পতিবার জয়নাল মিয়ার লাশ উদ্ধারের পর সন্ধ্যায় কালন মিয়া ও ফায়জুল মিয়ার বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল সকালে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ করা হয় কালন মিয়ার গোষ্ঠীর আবুল কাশেম, কাশেম মিয়া, রুক্কু মিয়া ও আরব আলী এবং ফায়জুল মিয়ার গোষ্ঠীর হাজী ইজ্জত আলী, হাবিবুর রহমান, আজিজ মিয়া, উসমান গণি চৌধুরী ও মুক্তার হোসেনের বাড়িতে। এতে আহত হয়েছে ইজ্জত আলীর পুত্রবধূ রত্না বেগম (৩০), তার মেয়ে শাকিবা বেগম (১০), রাকিবা বেগমসহ (৮) অন্তত ১০ নারী ও শিশু। তাদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। ইজ্জত আলীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে জামাল মিয়া (২৬) জানায়, আমরা ফায়জুল মিয়ার প্রতিবেশী হওয়ায় ফারুক মিয়ার লোকজন আমাদের সর্বনাশ করেছে। ফায়জুল মিয়া অপকর্ম করেছে। আমরাও তার বিচার চাই। কিন্তু এ ঘটনার দায় আমাদের কাঁধে কেন দেওয়া হবে? আমরা এখন নিজ বাড়ি যেতে পারছি না।
সে দাবি করেম তাদেরসহ আশপাশের লোকজনের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটপাট ও ক্ষতি করা হয়েছে। জয়নাল মিয়া হত্যার ঘটনায় তার বড় ভাই ফারুক মিয়া বাদী হয়ে গতকাল বিকেলে কালন মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে কালন মিয়ার বড় ভাই হাদিস মিয়াকে গ্রেফতার করেছে। থানাহাজতে আটক হাদিস মিয়া সাংবাদিকদের বলে, জয়নাল মিয়ার খুনের ব্যাপারে আমি কিছুই জানি না। ফারুক মিয়া গতকাল বিকেলে জানান, আমি ভাইয়ের হত্যায় ঘটনায় দিশেহারা হয়ে পড়েছি। গ্রামে কারা ভাঙচুর-লুটপাট করছে জানি না। আমরা এসবের সঙ্গে জড়িত নই। সরাইল থানার ওসি রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।