News71.com
 Bangladesh
 17 Jun 17, 01:10 PM
 276           
 0
 17 Jun 17, 01:10 PM

দুদককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সরকার ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুদককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সরকার ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন (দুদকে) ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। আমার দেশ পরিবার এই মানববন্ধনের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বহু সংবাদমাধ্যম ও পত্রিকা বন্ধ করেছে। এমনকি সাংবাদিককে হত্যা পর্যন্ত করা হয়েছে।

এই সরকার অতীতেও একই কাজ করেছিল। তিনি বলেন, আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে। সম্পাদককে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এবার তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। শুধু তাই নয় আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বাশুড়ির বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে। আজকে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা ছিল। কিন্তু সেটাও প্রত্যাহার করেছে তারা আর আমাদের গুলো রয়ে গেছে। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আসলে দেশের প্রধান সমস্যা হলো গণতন্ত্র নেই।

মানুষের কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের লেখার স্বাধীনতা নেই। জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এমতাবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামীদিনে সব দলের অংশগ্রহনমূলক একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায় করে নিতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন