
নিউজ ডেস্কঃ নগরের নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনার পর পুলিশের সতর্ক অবস্থান। lপুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুপুর আড়াইটায় শুরু হওয়া এই সংঘর্ষ চলে এক ঘণ্টা। এই সময় পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ নয়জন হকারকে আটক করেছে। এর ফলে ব্যস্ত নিউমার্কেট এলাকায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সংঘর্ষ সম্পর্কে হকাররা বলছেন, তাঁরা নিয়ম মেনে ফুটপাতে বসতে চাইলে পুলিশ তুলে দেয়। এ কারণে এমন সংঘর্ষ হয়েছে। অপর দিকে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, হকাররা নিয়ম ভেঙে রাস্তা দখল করে পণ্যের পসরা নিয়ে বসেছিলেন। এতে যানজট তৈরি হচ্ছিল। রাস্তা থেকে তুলে দিলে ক্ষুব্ধ হয়ে তাঁরা পুলিশকে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।রেয়াজউদ্দিন বাজার এলাকার হকার সাহাব উদ্দিন বলেন, রোজার মাস শেষ হয়ে যাচ্ছে। অনেক হকার ব্যবসা করার সুযোগ পাচ্ছে না। তাঁরা রাস্তায় মালামাল নিয়ে বসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পথচারীদের কষ্টের কথা চিন্তা আমরা নিউমার্কেট এলাকায় রাস্তার ওপর হকারদের বসতে দিইনি। ১৯ রমজান পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে হকাররা ফুটপাতে ব্যবসা করেছেন। কিন্তু হঠাৎ করে তাঁরা রাস্তায় মালামাল নিয়ে বসার চেষ্টা করলে আমরা বাধা দিই। তখনই পুলিশের দিকে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ ২১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে ৫০ থেকে ৬০ জন হকার জলসা সিনেমা হল থেকে শাহ আমানত মার্কেটের বিপরীত দিক আমতল মোড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তাজুড়ে পণ্যের পসরা বসানোর চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসেই তাঁদের তুলে দেন। ক্ষুব্ধ হয়ে তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে হকারদের থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় রেয়াজউদ্দিন বাজার, শাহ আমানত ও জহুর হকার্স মার্কেটের মূলফটক বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিল।কোতোয়ালি থানার ওসি মো. জসিমউদ্দিন গতকালের সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে নয়জন হকারকে আটক করেছে। তাঁদের কোতোয়ালি থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।