
নিউজ ডেস্কঃদরিদ্র পরিবারের এক তরুণীকে (২২) প্রায় ছয় বছর আগে এক প্রতারক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেয়। পরিবারের লোকজন জানার পর বিষয়টি র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে জানালে গতকাল বৃহস্পতিবার ওই তরুণীকে উদ্ধার করে। একই সঙ্গে মুকুল শেখ (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করে।র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এলাকার ওই তরুণী প্রায় ছয় বছর আগে অভাবের কারণে চাকরি খুঁজছিলেন। সে সময় এক প্রতারক তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাঁকে ঢাকা নেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে। এরপর থেকে ওই তরুণীর অন্ধকার জীবন শুরু হয়। ইচ্ছার বিরুদ্ধে ঘরে আটকে তাঁকে দিয়ে দেহ ব্যবসা করানো হতো। তিনি সেখান থেকে কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে অমানুষিক নির্যাতন করা হতো। পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজ করেও না পেয়ে অনেকটা হতাশা হয়ে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সম্প্রতি স্থানীয় কিছু মানুষের মাধ্যমে তরুণীর যৌনপল্লিতে থাকার জানতে কথা পারে পরিবার। এ খবর জানার পর গত বুধবার পরিবার বিষয়টি র্যাবকে জানায়।
র্যাব গতকাল দুপুরের দিকে তাঁকে যৌনপল্লির মুকুল শেখের বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় মুকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে র্যাব গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করেছেগোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোমনাথ বসু বলেন, এ ঘটনায় ওই তরুণী নিজেই বাদী হয়ে মুকুল শেখসহ অজ্ঞাতনামা আরেকজনকে অভিযুক্ত করে থানায় মানব পাচার আইনে একটি মামলা করেছেন। এ ছাড়া আজ শুক্রবার তরুণীকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।