
নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সুহৃদ সমাবেশ পরিচালিত পথশিশুদের শিক্ষানিকেতন 'এসো পড়তে শিখি'র শিশুদের স্কুলব্যাগ, সাবান, ব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরণ এবং পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজশাহী মেডিকেল কলেজের শহীদ ডা. কায়সার রহমান মিলনায়তনের বারান্দায় শিশুদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
রামেক সুহৃদ সমাবেশের সভাপতি ডা. ধীমান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের লিভার বিভাগের প্রধান ডা. হারুন অর রশিদ, তার সহধর্মিণী তহমিনা খাতুন ও সমকাল রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিব।এ সময় উপস্থিত ছিলেন 'এসো পড়তে শিখির' শিক্ষক ও রামেক সুহৃদ সমাবেশের সদস্য নাহিদ হাসান, আসিফ ইকবাল, নাজমুল হাসান সায়েম, রাশেদুল বাশার, তন্দ্রা ঘোষ, আসমাউল হুসনা চন্দ্রা, শাকিলা আখতার, নুসরাত জাহান মুন, মুসাদ্দিকুন নাহার শুকরিয়া, নাজমুন নাহান তানিয়া, নাইম ইমতিয়াজ প্রমুখ।
ডা. হারুন অর রশিদ বলেন, 'এসব সুবিধাবঞ্চিত বাচ্চার জন্য আমাদের শিক্ষার্থীরা এত ভালো উদ্যোগ নিয়েছে শুনেই খুব খুশি হয়েছি। সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করতে শিখছে আমাদের শিক্ষার্থীরা। সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে।'সমকাল সুহৃদ নাহিদ হাসান বলেন, 'এদের বেশিরভাগই আগে স্কুলে যেত না। এদের প্রতি তিনজনের জন্য একজন শিক্ষক। একদম বাড়ির মতো করে পড়াশোনা করানোর চেষ্টা করছি আমরা।'
আরেক সুহৃদ সদস্য শাকিলা আক্তার বলেন, 'একটি শিশু যখন শিক্ষিত হয়ে বড় হয়, তখন দেশের জন্যই ভালো। আমরা যথাসম্ভব স্নেহ-ভালোবাসা দিয়েই তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। তাদের বই, খাতা, কলম সরবরাহ করা হয়েছে। নিয়মিত স্ন্যাকস, খাবার দিই যেন হাসিখুশিভাবে পড়াশোনা করে। ঈদে কাপড় দিয়েছি। এখন পরিষ্কার-পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করতে সাবান, ব্রাশ দেওয়া হয়েছে।'এসব উপকরণ বিতরণের আগে শিশুরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এ সময় তাদের জিজ্ঞাসা করতেই কেউ বলে ওঠে ডাক্তার হবে, কেউ হবে পুলিশ।