
নিউজ ডেস্ক : নিরুবচ্ছিন্ন বিদ্যুৎতের দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই উত্তরপাড়া গ্রামের বিদ্যুৎ অফিসের দুই কর্মচারীকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে গ্রাহকরা। এ সময় গ্রাহকদের বিদ্যুৎ প্রদানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জানা যায়, উপজেলার সিদলাই ৫নং, ৬নং ও ৭নং ওয়ার্ডের জনগন বেশ কিছুদিন যাবৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনের ২৪ ঘণ্টার মধ্যে গড়ে দৈনিক ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। রমজান মাসে ইফতার ও সেহরীর সময়ও বিদ্যুৎ থাকে না। এদিকে বিদ্যুৎ না থাকার কারণে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে রোজাদারগণ।
এদিকে দীর্ঘসময় লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যুৎ বিলের তাগাদাসহ বকেয়া বিদ্যুৎ বিলের কারণে লাইন বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী উত্তেজিত হয়ে ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী শিমুল চন্দ্র ও আবু রায়হানকে একটি দোকানে অবরুদ্ধ করে রাখে। এ সময় এলাকার শতাধিত বিদ্যুতের গ্রাহক সেখানে উপস্থিত হয়ে বিদ্যুতের দাবিতে মিছিল করতে থাকে।পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর ১২টায় আটককৃত কর্মচারীদের উদ্ধার করে নিয়ে আসে ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দীপক কুমার সিংহ, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক।
পল্লী বিদ্যুতের ডিজিএম এএইচএম আরিফুল ইসলাম বলেন, রমজানে বিদ্যুৎতের চাহিদা অনেক বেশি থাকে। বর্তমানে উপজেলার বারেশ্বর উপকেন্দ্র থেকে ১৮মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কিন্তু বিদ্যুতের প্রয়োজন হচ্ছে ২২ মেগওয়াট। সে কারণে গ্রাহকদের সাময়িক সমস্যা হচ্ছে। তবে বড়ধুশিয়ায় একটি নতুন উপকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। ঐ উপকেন্দ্রটি চালু হলে ব্রাহ্মণপাড়ায় তেমন কোন বিদ্যুতের সমস্যা থাকবে না। এছাড়া মাঝে মধ্যে ঝড়বৃষ্টি হলে বিদ্যুৎতের লাইনের উপর গাছ পড়ে তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে কিছু সময় লেগে যায়। পল্লী বিদ্যুৎতের কর্মচারীরা দিন-রাত পরিশ্রম করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।