
নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ২ টার সময় উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ের পিছনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাব রেজিস্ট্রি অফিস চলাকালে পিছনের দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় উপজেলা পরিষদের ভিতরে বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী ও সাধারণ মানুষ এতে আতিঙ্কত হয়ে পড়ে। পরে খবর পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এটি বোমা হামলা না কি অন্য কারণে এ বিস্ফোরণ তা নিয়ে নানা শুঞ্জন শুরু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিস্ফোরণের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বোমা না ছোটখাটো চকলেট বোমা বিস্ফোরণ ঘটেছে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান জানান,বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে কোন আলামত পাওয়া যায়নি। তবে বিষয় টি তদন্ত করা হচ্ছে।