
নিউজ ডেস্কঃ আমানতকারীর মৃত্যু হলে ব্যাংকবহিভূর্ত আর্থিক প্রতিষ্ঠান তাঁর মনোনীত ব্যক্তিকেই পাওনা টাকা প্রদান করবে। মনোনীত ব্যক্তি নাবালক হলে একক আমানতকারী বা যৌথ আমানতকারীগণ টাকা কে পাবেন, তা নির্দিষ্ট করে দেবেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কাছে রক্ষিত কোনো আমানত জমা থাকলে উক্ত আমানতকারীর মৃত্যুর পর তাদের মনোনীত ব্যক্তিকে আমানতের টাকা প্রদান করা যাবে। তবে আমানতকারী যেকোনো সময় মনোনীত ব্যক্তির মনোনয়ন বাতিল করে অন্য কাউকে নিয়োগ দিতে পারবেন। মনোনীত কোনো ব্যক্তি নাবালক থাকা অবস্থায় উক্ত আমানতকারীর মৃত্যু হলে টাকা কে গ্রহণ করবে, সে সম্পর্কে আমানতকারী বা যৌথ আমানত কারীগণ নির্দিষ্ট করে দিতে পারেন।