
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তার ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। বুধবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়াস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আসন্ন সিটি করপোরেশেন নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেছেন, জাতীয় পার্টির লাগাম এরশাদের হাতে নেই। তাই তিনি আসন্ন রসিক নির্বাচনে দলীয় প্রতীক লাঙ্গল প্রত্যাশি। তবে দলীয় প্রতীক না পেলেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কয়েকমাস আগে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিভিন্ন সভা সমাবেশেও এরশাদ জাপার মেয়র প্রার্থী হিসেবে মোস্তফাকে পরিচয় করিয়ে দেন। এসব কারণে এরশাদের পরিবারের অনেকের মাঝে ক্ষোভ দেখা দেয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যেমে।সংবাদ সম্মেলনে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধেও অভিযোগ তোলেন।
রাঙ্গা প্রসঙ্গে লিখিত বক্তব্যে অাসিফ শাহরিয়ার বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যখন এরশাদকে ঢাকা সিএমএইচ-এ বন্দি করা হয়, সেই সময় যারা রংপুর জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে একমাত্র সুবিধাভোগী মসিউর রহমান রাঙ্গা। সেসময় নেতৃত্বের নিরবতা দেখে এরশাদের পরিবারের সদস্য হিসেবে আমি দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে এরশাদের মুক্তির জন্য রাজপথে মিছিল করি। তখন সুযোগ সন্ধানী মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এরশাদের মুক্তির মিছিলে রাবার বুলেট, টিয়ারশেল ও বেপেরোয়া লাঠিচার্জ করা হয়। পরবর্তীতে বেশক'টি মামলা করা হয়।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ইদানিং রসিক মেয়র মনোনয়ন প্রত্যাশি মোস্তাফিজুর রহমান মোস্তাফা এবং মসিউর রহমান রাঙ্গার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যার জন্য হাজার হাজার নেতাকর্মী লাঞ্ছিত হয়েছে পুনরায় তার সাথে পার্টির চেয়ারম্যানের সখ্যতা রংপুরের মাটিতে এরশাদ পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ অবস্থায় সিটি করপোরেশেন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মেয়র পদে মনোনয়ন দিলে জাতীয় পার্টি সিটি করপোরেশেন মেয়র হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দলীয় স্বার্থ বিবেচনা করে আসন্ন সিটি করপোরেশেন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করছি ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার সদস্য গোলাম মোস্তফা, জাপা নেতা গোলাম মোস্তফা রতন, জাকির হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।