News71.com
 Bangladesh
 14 Jun 17, 03:11 PM
 231           
 0
 14 Jun 17, 03:11 PM

চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবানের যান চলাচল স্বাভাবিক।।  

চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবানের যান চলাচল স্বাভাবিক।।   

নিউজ ডেস্কঃ বৃষ্টি বন্ধ হওয়ার পর চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও বান্দরবানের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাঙামাটি শহরের সাতছড়িতে সড়কের ওপর মাটি পড়ে থাকায় যানবাহন ঘাগড়া পর্যন্ত গিয়ে ফিরে আসছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ। তবে এই মহাসড়কের চট্টগ্রাম অংশে কোথাও এখন পানি জমে নেই বলে জানিয়েছেন তিনি।

টানা বৃষ্টিতে মহাসড়কে পানি জমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ প্রায় ২৪ ঘণ্টা বন্ধ ছিল। মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের পূর্ব পাশে নতুন ব্রিজ এলাকা তলিয়ে গিয়ে এই সমস্যা সৃষ্টি হয়েছিল। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন,রাতের মধ্যে মহাসড়ক থেকে পানি সরে গেছে। সকাল থেকে বড় চাকার গাড়ি চলছে। বান্দরবানের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তবে হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানিয়েছেন,বান্দরবান শহরের সুয়াবিল এলাকায় এখনও সড়কের ওপর পানি জমে আছে। বড় চাকার গাড়ি নির্বিঘ্নে চলাচল করলেও প্রাইভেট কার,অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো চলাচলে সমস্যা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে দুই মহাসড়কে পানি জমে চট্টগ্রাম থেকে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়ে কক্সবাজার-রাঙামাটিও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কসাইপাড়া থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পানিতে ডুবে যায়। আর চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান উপজেলার বিভিন্ন অংশও পানিতে তলিয়ে যায়। হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন,চন্দনাইশের পানি সরে গেলে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক আছে। রাউজানেও পানি সরে গেছে। তবে সমস্যা আছে রাঙামাটিতে। সে জন্য এই মহাসড়কটি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন