
নিউজ ডেস্কঃ রাঙামাটি শহর ও এর আশপাশের এলাকায় এখনো বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় বিদ্যুতে খুঁটি ও গাছপালা পড়ে আছে।আবহাওয়া ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন। টানা বর্ষণের ফলে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় বিভিন্ন রুটে সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এ ছাড়া পাহাড়ধসে বিভিন্ন এলাকায় বিদ্যুতের পিলার উপড়ে পড়ায় তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গোটা রাঙামাটি শহর ও আশপাশের এলাকা অন্ধকারে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে,রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের কারণে সড়কে মাটিসহ গাছপালা পড়ে থাকতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় বিদ্যুতের পিলার উপড়ে পড়েছে। ফলে রাঙামাটি-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। রাঙামাটির বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান,রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েকদিনের টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। কোনো কোনো এলাকায় বিদ্যুতের পিলার উপড়ে গেছে। ফলে রাঙামাটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে,রাঙামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান জানান,পাহাড়ধসের পর থেকে রাঙামাটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জেলার প্রায় ৩০ কিলোমিটার যান চলাচলের জন্য সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী সব জেলার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটির।এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে রাঙামাটির যোগাযোগ সচল করার চেষ্টা করা হচ্ছে।