
নিউজ ডেস্কঃ খুলনা কর অঞ্চল দেড় লাখ আয়কর বিবরণী বা রিটার্ন জমার মাইলফলক অতিক্রম করেছে। সারা দেশে ৩১টি কর অঞ্চলের মধ্যে খুলনা কর অঞ্চলে সর্বোচ্চ রিটার্ন জমার রেকর্ড হলো। ২০১৬-২০১৭ অর্থবছরে এই পর্যন্ত দাখিলকৃত রিটার্নের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ২১৭। এর আগে গত মাসে ১ লাখ নতুন করদাতা নিবন্ধনের (ইটিআইএন) রেকর্ড অর্জন করেছিল এই কর অঞ্চল। দেড় লাখ রিটার্ন জমার মাইলফলক অতিক্রম করা উপলক্ষে গত রোববার সন্ধ্যায় নগরের বয়রা এলাকার কর ভবনের সম্মেলনকক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা বিভাগের ১০টি জেলা নিয়ে খুলনা কর অঞ্চল গঠিত। এই কর অঞ্চলের আওতায় ২২টি সার্কেলে বর্তমানে ই-টিআইএনভুক্ত করদাতা রয়েছেন ২ লাখ ৩৭ হাজার। আর পুরোনো টিআইএনসহ মোট করদাতার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজারখুলনা কর অঞ্চল সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে কর অঞ্চল খুলনায় দাখিলকৃত রিটার্নের সংখ্যা ছিল ৮২ হাজার ৪১৮। ২০১৫-২০১৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার ৫৪১। এবার রিটার্ন জমা বেড়েছে ৮১ শতাংশের মতো।
খুলনা কর কমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, খুলনা কর অঞ্চলের বেশ কিছু উদ্যোগে এই সাফল্য এসেছে, যার মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) ও পৌরসভা ডিজিটাল সেন্টার (এমডিসি) উদ্যোক্তাদের ই-টিআইএন নিবন্ধনবিষয়ক প্রশিক্ষণ প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময়, খুলনা বিভাগের ১০টি জেলায় মোবাইল টিম ফর টিআইএন (এমটিটি) কর্মসূচি, শিক্ষকদের জন্য ট্যাক্স ট্রেনিং ফর টিচার (টিটিটি) কার্যক্রম উল্লেখযোগ্য। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে টিআইএন নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরে মোবাইলে এসএমএস ও ই-মেইল বার্তা পাঠানো হয়েছে।
কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা কর আপিল কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মারগূব আহমেদ, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার আবদুল মান্নান শিকদার, খুলনা বিভাগের স্থানীয় সরকার পরিচালক হোসেন আলী খোন্দকার প্রমুখ।