News71.com
 Bangladesh
 13 Jun 17, 11:45 AM
 277           
 0
 13 Jun 17, 11:45 AM

বিডি ফুডসের হেরোইন পাচার মামলার কেস ডকেট রহস্যজনভাবে গায়েব

বিডি ফুডসের হেরোইন পাচার মামলার কেস ডকেট রহস্যজনভাবে গায়েব

আন্তর্জাতিক ডেস্ক : বিডি ফুডসের ব্রান্ডে ফ্লোর টাইলস রপ্তানির আড়ালে লন্ডনে ৫৪ কেজি হেরোইন পাচার মামলার কেস ডকেট (সিডি) গায়েব হয়ে গেছে। রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ এ কেস ডকেট ছাড়াই মামলার বিচার সম্পন্ন হলে সব আসামি খালাস পেতে পারেন বলে আদালত সংশ্লিষ্টদের ধারণা। গুরুত্বপূর্ণ এ মামলার কেস ডকেট কীভাবে গায়েব হয়েছে- এ প্রশ্নের কোনো জবাব দিতে পারছেন না সংশ্লিষ্ট কেউই।এ কোম্পানির সবজি রপ্তানির আড়ালে লন্ডনে ২১ কেজি হেরোইন পাচারের অপর মামলায় ৬ বছরে একজন সাক্ষীরও সাক্ষ্যগ্রহণ করতে পারেননি আদালত। উভয় মামলার অন্যতম আসামি বিডি ফুডসের মালিক বদরুদ্দোজ্জা মমিন অব্যাহতি পেয়েছেন। এর মধ্যে ২১ কেজি হেরোইনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হলেও চার্জগঠনের শুনানিতে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আর ৫৪ কেজি হেরোইনের মামলায় তদন্ত কর্মকর্তাই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি প্রদানের আবেদন করায় অব্যাহতি পেয়েছেন।সূত্র বলেছে, বহুল আলোচিত এ হেরোইন পাচার মামলায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে বিডি ফুডসের মালিক বদরুদ্দোজা মমিনের সংশ্লিষ্টতা উঠে আসে জোট সরকারের আমলে। বদরুদ্দোজা মমিন জামায়াতসংশ্লিষ্ট ব্যবসায়ী হওয়ায় সে সময় তদন্ত কমিটিকে জবাবদিহি করতে হয়। ওই কমিটিরই এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বর্তমানে পুলিশের ডিআইজি ইব্রাহিম ফাতেমী। হেরোইন পাচারের ঘটনায় বদরুদ্দোজা মমিনের নাম আসায় তাকেসহ কমিটির সদস্যদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তলব করেন তার অফিসকক্ষে। সেখানে তদন্ত কমিটিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সামনে তদন্ত প্রতিবেদনকে ‘জাস্টিফাইড’ করতে হয়।


যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দরে ২০০৫ সালের মে মাসে বাংলাদেশ থেকে পাঠানো তাজারো ফ্লোর টাইলস রপ্তানি চালানের ৩০০টি কার্টনের ১০৮টি থেকে ৫৪ কেজি হেরোইন আটক করে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থা। বিষয়টি ভারতের মুম্বাইয়ের ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ সরকারকে জানান। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টিম বিষয়টি অনুসন্ধানে জানতে পারে বিডি ফুডসের মালিক বদরুদ্দোজা মমিনের সহযোগী আবুল বাশার মিথ্যা ঠিকানা ব্যবহার করে মেসার্স গ্রিন হ্যাভেন এন্টারপ্রাইজ নামে ব্যবসা করেন। এ নাম ব্যবহার করে ৩৩০ কার্টন তাজারো ফ্লোর টাইলস চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলার শিখা নামে জাহাজে করে যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দরে পাঠায়। যুক্তরাজ্য শুল্ক বিভাগ ওই হেরোইন জব্দ করে। একইভাবে সবজি রপ্তানির আড়ালে বিডি ফুডসের মালিক বদরুদ্দোজা মমিন সবজির কার্টনের মধ্যে ২১ কেজি হেরোইন যুক্তরাজ্যে পাচার করেন।

এই দুটি ঘটনায় ২০০৬ সালের ২১ এপ্রিল মতিঝিল থানায় ২১ কেজি হেরোইন পাচারের এবং ২০০৬ সালের ৬ মে সূত্রাপুর থানায় ৫৪ কেজি হেরোইন পাচারের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে এ মামলাগুলোর মূল আসামিদের বাঁচাতে টালবাহানা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় থেকে ৬ বছরে ৬ বার তদন্ত কর্মকর্তা বদল করা হয়অবশেষে ২১ কেজির মামলায় ২০১২ সালের ১৭ জুন (চার্জশিটে উল্লেখ ২৬ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে বিডি ফুডসের মালিক বদরুদ্দোজা মমিনসহ ৮ জনকে আসামি করা হয়। চার্জশিটের অপর আসামিরা হলেন নাজমুল হায়দার ভূঁইয়া ওরফে বুলবুল, মো. মাঈনুদ্দিন, আবু বকর সিদ্দিক ওরফে মিঠু, আবুল বাশার, কাজী জাফর রেজা, মোখলেসুর রহমান নয়ন ও মিন্টু ওরফে তাজ।২১ কেজি হেরোইন পাচার মামলায় চার্জশিট দাখিল হওয়ার পর ২০১২ সালের ২৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিচারের জন্য ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করেন। ২০১৩ সালের ৩ মার্চ অপর ৭ আসামির বিরুদ্ধে চার্জগঠন ও অব্যাহতির আবেদনের ওপর শুনানি হয়। এরপর ওই বছর ১১ মার্চ ও ১৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য থাকলেও হয়নি। ওই বছর ৭ এপ্রিল এক আদেশে ৭ আসামির মধ্যে কাজী জাফর রেজাকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছর ৩ জুন অপর ৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে ওই বছর ২৪ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। ২০১৩ সালের ২৪ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ এপ্রিল পর্যন্ত ৩৩টি ধার্য তারিখ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকলেও এ পর্যন্ত মামলাটিতে একজন সাক্ষীও আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ।এদিকে কোনো মামলায় একাধিক আসামি থাকার ক্ষেত্রে বিভিন্ন ধার্য তারিখে চার্জগঠন ও অব্যাহতির আবেদনের শুনানির সুযোগ থাকলেও একটি আদেশেই আসামিদের অব্যাহতি বা চার্জগঠনের আদেশ হওয়ার বিধান। কিন্তু এ মামলায় একটি তারিখে আসামি বদরুদ্দোজা মমিনকে এবং পরের তারিখে কাজী জাফর রেজাকে অব্যাহতি এবং আরেকটি তারিখে অপর আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ বেআইনি বলে অভিমত সংশ্লিষ্টদের।অন্যদিকে বহুল আলোচিত এ মামলায় আসামি বদরুদ্দোজা মমিনসহ ২ আসামির অব্যাহতির আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উচ্চ আদালতে আপিল করা উচিত ছিল বলেও সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তা করেনি। কেন করেনি তার কোনো জবাবও দিতে পারেননি সংশ্লিষ্টরা।


এদিকে বিচারিক আদালত আসামি বদরুদ্দোজা মমিনকে অব্যাহতি দিলেও হাইকোর্ট তাকে অব্যাহতি দেওয়া কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে সুয়োমোটো রুল জারি করেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি হাইকোর্ট এ রুল জারি করেন। ওই রুলের একই আদেশে হাইকোর্ট বদরুদ্দোজা মমিনকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়।হাইকোর্টের ওই আদেশের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করেন।আদালতের স্পেশাল পিপি মো. আমির হোসেন বিডি ফুডস মালিকসহ ২ জনের অব্যাহতি পাওয়ার বিষয়ে বলেন, আমরা বিরোধিতা করার পরও আদালত অব্যাহতি দিয়েছেন। অব্যাহতির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ব্যবস্থা করেনি বলেও তিনি জানান। অন্যদিকে সাক্ষ্য না হওয়ার বিষয়ে বলেন, আমরা আদালত থেকে সাক্ষী আনার জন্য সব ধরনের প্রসেস পুলিশের কাছে পাঠালেও পুলিশ এখনো একজন সাক্ষীকেও হাজির করেনি। আমরা কী করতে পারি।এদিকে ৫৪ কেজি হেরোইনের মামলায় ২০১২ সালের ১ অক্টোবর একই তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে আসামি কাজী জাফর রেজা, আবুল বাশার, নাজমুল হায়দার ভূঁইয়া বুলবুল, আবু বকর সিদ্দিক ওরফে মিঠু, মিন্টু ওরফে তাজউদ্দিন ও মো. আলতাফ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। অন্যদিকে আসামি বিডি ফুডসের মালিক বদরুদ্দোজা মমিন ও মো. মাঈনুদ্দিনকে অব্যাহতির আবেদন করা হয়।২১ কেজি হেরোইনের মামলায় চার্জশিট দাখিল হওয়ার সময় তা মিডিয়ায় প্রকাশ পেলেও ৫৪ কেজি হেরোইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল হওয়ার বিষয়টি অতি গোপনে করা হয়। যার কারণে ৫৪ কেজি হেরোইনের মামলায় চার্জশিট দাখিলের বিষয়টি মিডিয়ায় প্রকাশ পায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন