
নিউজ ডেস্কঃ এ বছরের শুরু থেকেই চালের দাম একটু একটু করে বাড়ছিল। এখন তা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিম্ন ও সীমিত আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। অভিযোগ রয়েছে,ভরা মৌসুমেও কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা। সরকারের চাল মজুদে ঘাটতি এবং হাওরের বন্যাকে অজুহাত বানিয়ে তারা প্রতিনিয়তই চালের দাম বাড়াচ্ছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হচ্ছে সরকারকে। তবে শিগগির বিদেশ থেকে চাল আমদানি করা হবে এবং তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চালকল মালিক ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরে আগাম বন্যা এবং ব্লাস্ট রোগের কারণে সারা দেশেই ধানের বেশ ক্ষতি হয়েছে। এ কারণে বোরো মৌসুমে ধানের উৎপাদন অনেক কমে গেছে। এতে বেড়ে গেছে ধানের দাম। ধানের দাম বাড়ায় চাল উৎপাদনের খরচও বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী,এ বছর প্রতি কেজি বোরো ধান উৎপাদনে খরচ হয়েছে ২২ টাকা,আর প্রতি কেজি চাল উৎপাদনে খরচ হয়েছে ৩১ টাকা। এ হিসাবে সরকার চালকল মালিকদের কাছ থেকে ৩৪ টাকা কেজিতে সিদ্ধ চাল এবং ৩৩ টাকা কেজিতে আতপ চাল কেনার জন্য দাম নির্ধারণ করে। চালকল মালিকরা খাদ্যমন্ত্রী ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতনদের সঙ্গে মিটিং করে এই দামে সরকারকে চাল দিতে রাজি হয়।
তবে গত ৫ মে থেকে সরকার চাল সংগ্রহ করতে গেলে চালকল মালিকরা সরকারের কাছে চাল বিক্রি করতে অস্বীকৃতি জানায়। হঠাৎ এই অস্বীকৃতির কারণ পরিষ্কার হতেও সময় লাগেনি। সরকারের হাতে চালের মজুদ কম থাকায় ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করার সুযোগ নিয়েছে। এ সুযোগে তারা বাজারে চালের দাম বাড়াতে থাকে ইচ্ছামতো। দেশের সবচেয়ে বেশি মানুষ যে মোটা চালের ভাত খায় তা ৩৬-৩৭ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা কেজি দরে; যদিও এর কিছুদিন আগে মিলাররাই খাদ্যমন্ত্রীর কাছে বলেছিল বাজারে চালের সংকট দূর করতে ব্যবসায়ীদের চাল আমদানির সুযোগ দিতে। তখন সরকার রাজি না হলেও চাপে পড়ে নতুন করে চিন্তা শুরু করে চাল আমদানির সুযোগ দেওয়ার। চালের বাজারের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য অধিদপ্তর এনবিআরের চেয়ারম্যানকে চিঠি লিখে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের জন্য। তবে সরকারের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে নতুন সিদ্ধান্ত আসে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়,ব্যবসায়ীরা চাল আমদানিতে শুল্ক ছাড়ের সুবিধা পাবে না। সরকারি ব্যবস্থাপনায় ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এ সিদ্ধান্তের পর থেকেই ব্যবসায়ীরা সরকারের কাছে চাল বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। কারণ যত দিন পর্যন্ত সরকার চাল আমদানি করতে না পারবে তত দিন বাজারে বেশি দামেই চাল বিক্রি করা সম্ভব হবে। সে অনুযায়ীই চলছে চালের বাজার।
বাংলাদেশ অটো মেজর হাসকিং ও মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী আমাদেরকে বলেন,আমরা কয়েক দিন ধরেই সরকারের কাছে কয়েকটি বিষয়ে দাবি জানিয়ে আসছিলাম। আমাদের দাবি,প্রণোদনা দেওয়া এবং চাল উৎপাদনে প্রকৃত যে ব্যয় সে অনুযায়ী দাম নির্ধারণ করা। এ ছাড়া যেহেতু ঘাটতি রয়েছে সেটা পূরণের জন্য ব্যবসায়ীদেরও সুযোগ দেওয়ার জন্য আমরা বেশ কয়েকবার মৌখিকভাবে সরকারের কাছে আবেদন করেছিলাম। এখন সরকার যেটা ভালো মনে করবে সেটাই করবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী,নতুন ধান ও চাল বাজারে আসার এক মাস পেরিয়ে গেলেও মাত্র ১৫ হাজার ৩৩৫ মেট্রিক টন চাল সংগ্রহ করতে পেরেছে সরকার। যেখানে লক্ষ্যমাত্রা রয়েছে আট লাখ মেট্রিক টন চাল সংগ্রহের। এদিকে সরকারের খাদ্যগুদামে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন চালের মজুদ রয়েছে। যা মজুদের সর্বনিম্ন পর্যায় বলে মনে করা হচ্ছে।