
নিউজ ডেস্কঃ এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমসহ (৩৫) ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২ টার দিকে নগরীর নন্দনকাননে আর এফ পুলিশ প্লাজা থেকে তাকেদের গ্রেফতারের পাশাপাশি ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এসময় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে দুইটি শটগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। নগরীর পাহাড়তলী এবং কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান জানান,গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারির পর ব্যবসায়ী মো. নূরুন্নবীকে তার সরাইপাড়ার বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে শামসুল ও তার সহযোগীরা। বিষয়টি পাহাড়তলী থানাকে জানানোর পর দ্রুত অভিযানে নামে পুলিশ। রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে আটক করে।