
নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীর উপজেলার সোনাদিয়া দ্বীপের কাছে চরে আটকা পড়েছে একটি বিশাল জাহাজ। ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাজনিত কারণে জাহাজটি সাগরের সোনাদিয়া দ্বীপ সংলগ্ন ডুবোচরে এসে ভীড়ে বলে দ্বীপের লোকজনের ধারণা। জাহাজ শিল্পের স্ক্র্যাপের জন্য আনা এটি কোন বিদেশি জাহাজ বলে মনে করা হচ্ছে। গভীর সাগরে ঝড়ে নোঙর ছিঁড়ে এটি তীরে এসে ভীড়ে। আজ সোমবার সকালে দ্বীপের স্থানীয় লোকজন জাহাজটি দেখতে পায়। জাহাজটিতে কোন লোকজনকে দেখতে না পেয়ে বিকালের দিকে সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার লোকজন জাহাজে গিয়ে লুটপাট শুরু করে। এ সময় জাহাজের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিশাল জাহাজটি ঘিরে সোনাদিয়া দ্বীপের দু’গ্রুপ জলদস্যুর দল বিকাল থেকে সন্ধ্যা অবধি মালামাল লুট করে নেয়। লুণ্ঠনকারীদের মধ্যে সন্ধ্যায় কয়েক দফা সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনাও ঘটে।
লুট করা মালামালের অংশ নিয়ে ভাগাভাগির জের ধরে ঘটে সংঘর্ষ। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩ জন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। গুলিবদ্ধি আহত একজনের নাম মোহাম্মদ হোসেন (৩৪) বলে জানা গেলেও অন্যান্যদের নাম ঠিকানা জানা যায়নি। এদিকে সোনাদিয়া দ্বীপের জলদস্যু আনজু বাহিনী তার লোকজন নিয়ে নিয়ে জাহাজ লক্ষ্য করে বৃষ্টির মত গুলি করলে জাহাজে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জাহাজে আগুন ধরে যায়। তবে বৈরি আবাহওয়া এবং সাগরে ভারি বৃষ্টির কারণে আগুন কোন রকমে নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয়রা জানান।
জাহাজ থেকে লুট করা মালামালের মধ্যে রয়েছে চেয়ার,ফ্রীজ,ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ। সোনাদিয়ার পূর্ব পাড়ার জসিম জানান,জাহাজের মালামাল লুট করা নিয়ে দ্বীপের পূর্ব ও পশ্চিম পাড়ার লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ রাতে জানান,সকালের দিকে বড় আকারের জাহাজটি সোনাদিয়া দ্বীপের দক্ষিণে দৃশ্যমান হয়। বিকাল থেকে দ্বীপের লোকজন জাহাজে লুটপাট করার কথাও শুনেছি। এমনকি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটে। ওসি আরো জানান,বর্তমানে কোস্ট গার্ড জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে।