
নিউজ ডেস্কঃ এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) আওতায় সাত দেশের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক সুবিধা বাড়ছে। বাংলাদেশ বর্তমানে চার হাজার ৬৪৮টি পণ্যে শুল্ক সুবিধা পেলেও আপটার দ্বিতীয় সংশোধনীর আওতায় এর সংখ্যা ১০ হাজার ৬৭৭টিতে দাঁড়াচ্ছে। সে ক্ষেত্রে আরো ছয় হাজার ২৯টি পণ্যে শুল্ক সুবিধা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে আপটা চুক্তি দ্বিতীয় দফা সংশোধনের অনুসমর্থন প্রস্তাব অনুমোদন করা হয়। পরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ অনুমোদনের কথা জানান।জিয়াউল আলম জানান,দ্বিতীয় সংশোধনীর ফলে বাংলাদেশের সুবিধা বাড়বে। আপটার সাতটি দেশের মধ্যে ভারত তিন হাজার ৩৮১,চীন দুই হাজার ৩৭২ ও দক্ষিণ কোরিয়া দুই হাজার ৩৭২টি পণ্যে শুল্ক সুবিধা দেবে। এ ক্ষেত্রে পাঁচ থেকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। পণ্যভেদে শুল্ক ছাড়ের হার একেক রকম। আপটার সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ,ভারত,চীন,দক্ষিণ কোরিয়া,শ্রীলঙ্কা, লাওস ও মঙ্গোলিয়া।বিএফআরআইয়ের বিজ্ঞানীরা পরামর্শক ফি নিতে পারবেনঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শ সেবা দিয়ে সরকার নির্ধারিত হারে ফি নিতে পারবেন। এ বিধান রেখে ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এন এম জিয়াউল আলম জানান,চারটি নতুন ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এগুলো হচ্ছে-বোর্ডের কার্যাবলি,ফি নির্ধারণ,রহিতকরণ ও হেফাজত। আগের আইনে ইনস্টিটিউটে নিয়োজিত কর্মকর্তাদের পরামর্শ ফির বিষয়টি ছিল না। ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞান,প্রযুক্তি, প্রাণিসম্পদ,শিল্প স্থাপনা বা অনুসন্ধানবিষয়ক পরামর্শ দেওয়ার জন্য বোর্ড নির্ধারিত হারে ফি নিতে পারবেন। বোর্ড ইনস্টিটিউটের কার্যাবলি তত্ত্বাবধান করবে ও দিকনির্দেশনা দেবে,ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সদ্ধিান্ত দেবে। ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা ও কর্মপরিকল্পনা অনুমোদন দেবে। সরকারের কাছ থেকে বা অন্য কোনো উত্স থেকে অনুদান দিতে অনুরোধ করবে বোর্ড। ঋণ গ্রহণ, সরকারের অনুমোদনের জন্য বাজেট অনুমোদন,বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাবও অনুমোদন দেবে বোর্ড। এছাড়া বৈঠকে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের নির্বাচনে পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক,রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।