
নিউজ ডেস্কঃ নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম শাহ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রবীণ এই নেতা টুপামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম শাহ জানান,গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের টুপামারী বাজার এলাকায় অবস্থিত নিজ বাড়িতে নেতা-কর্মীদের উপস্থিতিতে এ পদত্যাগের ঘোষণা দেন।এ বিষয়ে আজ সোমবার বিকেলে কথা হলে তিনি বলেন,আমি ১৯৬৮ সালে জেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম। স্বাধীনতা পরবর্তী সময়ে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনেও অংশ নিয়েছিলাম। টুপামারী ইউনিয়নে আমার আগে কেউ আওয়ামী লীগে আসেননি।
তিনি অভিযোগ করে বলেন,সম্প্রতি ইউনিয়ন যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক মশিউর রহমান ফেসবুকে আমাকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে পিচ কমিটির সদস্য হিসেবে প্রচারণা চালায়। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই,আমি কার কাছে বিচার চাইব। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরণ সেই আদর্শ ধারণ করব। যারা আদর্শ ধারণ করেন না, তাদের সাথে সমান্তরালভাবে পথ চলা যায় না। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেই।
এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা অস্বীকার করে সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও নজরুল ইসলাম শাহের ছেলে আবুল কাশেম বলেন, গত চার জুন দুপুরে টুপামারী ইউনিয়ন পরিষদের সামনে নজরুল ইসলাম শাহের ছেলে আবুল কাশেম আমাকে মারপিট করে ফেসবুকে নানা মন্তব্য করে প্রচারণা চালায়। এ কারণে আমিও ফেসবুকে এর জবাব দিয়েছি। আর কোন প্রবীণ নেতাকে লাঞ্চিত করার অভিযোগ ভিত্তিহীন। এ প্রসঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলীমুদ্দিন বসুনিয়া বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে কথা বলতে দুই পক্ষকে ডাকা হয়েছে। এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন,আবুল কাশেম ও মশিউর রহমান পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। দুটোই তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।