News71.com
 Bangladesh
 12 Jun 17, 09:42 PM
 230           
 0
 12 Jun 17, 09:42 PM

রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা, আটক ১২।।    

রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা, আটক ১২।।      

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ‘জঙ্গি আস্তানা’ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য নিশ্চিত করে জানান,জঙ্গি আস্তানা’র এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। লাল নিশান দিয়ে আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ। জঙ্গি সন্দেহে তিনজনসহ একই পরিবারের মোট ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এদিকে জঙ্গি আস্তানা থেকে পুলিশ একটি পিস্তল,চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন,ওই বাড়িতে আরও দুটি সুইসাইডাল ভেস্ট এবং অস্ত্র ও গোলাবারুদ থাকতে পারে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর অভিযান চালানো হবে। আটক সবাইকে তানোর থানায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতকাল রবিবার রাত ১২টার দিকে আজ সোমবার প্রথম প্রহরে বগুড়া ডিবি পুলিশ এবং রাজশাহীর তানোর থানা পুলিশের যৌথ উদ্যোগে ওই আস্তানায় অভিযান শুরু করে। যা এখনও চলছে। ইতোমধ্যে ওই আস্তানা থেকে কৌশলে চারশিশু,চার নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা রাত থেকেই ঘটনাস্থলে অবস্থান নিয়ে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জানান,জঙ্গি আস্তানা থেকে আটক সন্দেহভাজন তিন ব্যক্তি হলেন- তানোর উপজেলার পাঁচন্দর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের হোমিও চিকিৎসক ইসরাফিল আলম (২৬),তার বড় ভাই ইব্রাহিম (৩৪) ও ভগ্নিপতি রবিউল ইসলাম (৩৫)। রবিউলের বাড়ি উপজেলার বনকেশর গ্রামে। এছাড়া ইসরাফিল নিজ বাড়িতে হোমিও চিকিৎসার চেম্বার খুলে বসেছেন। তিনি মুন্ডুমালা কামিল মাদ্রাসা থেকে ফাজিল পাস। ইব্রাহিম সার ব্যবসায়ী ও দেউলা মসজিদের ইমাম। তার ভগ্নিপতি রবিউল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি।

ওই বাড়ি থেকে আটক অন্যরা হলেন,ইসরাফিলের বাবা,তানোর গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী (৫৫) ও মা আয়েশা বেগম (৫০) গৃহিণী,ইব্রাহিমের স্ত্রী মর্জিনা বেগম (৩০)। তাদের তিন শিশু সন্তান তামান্না (৮),তানসিকা (৪) ও তাসকিরা (৬ মাস)। এছাড়া রবিউলের স্ত্রী হাওয়া বেগম (২৩) ও তাদের তিন মাসের অজ্ঞাত মেয়ে শিশু এবং ইসরাফিলের স্ত্রী হারেছা খাতুন। পুলিশ জানায়,রাত আড়াইটার দিকে কৌশলে ওই বাড়ি থেকে জঙ্গি সন্দেহে প্রথম তিনজনকে আটক করে। পরে আজ সোমবার সকালে অন্যদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে ওই বাড়িতে অভিযান চালানো হবে।

এলাকাবাসী জানায়,সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজী রমজান আলীর পরিবারের লোকজন তেমন গ্রামের বাহির হতেন না। এমনকি ওই বাড়ির কোন নারী সদস্য বিয়ে বা ঈদেও তাদের বাড়ির বাহিরে দেখা যেত না বলে স্থানীয়না জানান। এদিকে পুলিশের জঙ্গি অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যন্ত গ্রামে জঙ্গি আস্তানার খবর জানজানি হওয়ার পর এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অভিযানের অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে কাউকে এলাকার বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ। ফলে ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজে যেতে পারছেন না। এমনকি অভিযানের এক কিলোমিটার এলাকায় কাউকে প্রবেশও করতে দেয়া হচ্ছে না।

স্থানীয় মুড়ি ব্যবসায়ী আজিজুর রহমান বলেন,সকালে মাল (মুড়ির বস্তা) নিয়ে মুণ্ডুমালা বাজারে যাবো। কিন্তু পুলিশ বলছে কাউকে এলাকার বাইরে যেতে দিবে না। বাজারে মাল না বেচতে পারলে তো আমাদের সমস্যা। পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল ইসলাম মুঞ্জু বলেন,১০ থেকে ১২ বছর ধরে রমজান আলীর পরিবারের সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ পড়তেন। চলতি রমজান মাসেও তারা সৌদি আবরের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন। গত বছর রমজান আলী ও তার স্ত্রী আয়শা বেগম হজ করেছেন।তিনি জানান,ইব্রাহীম ও ইসরাফিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন। বর্তমানে ইব্রাহীম বাড়িতে সার-কীটনাশকের দোকান দিয়ে ব্যবসা দেখাশোনা করেন। আর ইসরাফিল জমি চাষাবাদ করেন। হাওয়া খাতুনের স্বামী রবিউলের বাড়ি পাশের গ্রামের চকপাড়ায়। রবিউল কাঠমিস্ত্রির কাজ করেন। স্ত্রীর সন্তান হওয়ার পর থেকে রবিউল শ্বশুর বাড়িতে ছিলেন বলে জানান মঞ্জুরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন