
নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল ওহাব ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকায় হালিমাতুন কাওমি হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত। ২০১২ সালে আবদুল ওহাব তাঁর মায়ের নামে ৪ শতাংশ জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরে তিনি নিজের অর্থে সেখানে দোতলা ভবন করে দেন। বর্তমানে মাদ্রাসায় ৫০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক আছেন। শিক্ষকদের বেতন-ভাতা, ছাত্রদের লেখাপড়ার খরচ, তাদের খাবারের ব্যবস্থাসহ সব খরচ বহন করছেন আবদুল ওহাব। মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কমিটিও করা হয়। ওই কমিটির সভাপতি শ্রীফলতলী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম। আর আবদুল ওহাব কমিটির সাধারণ সম্পাদক। এ কমিটি পাঁচ বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছে। কিন্তু মাসখানেক আগে আবদুল ওহাবকে বাদ দিয়ে আরেকটি কমিটি করেন রফিকুল। নতুন কমিটিতেও নিজেকে সভাপতি করেন তিনি। গত শনিবার দুপুরে রফিকুলের নেতৃত্বে তাঁর লোকজন মাদ্রাসার সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরে সেখানে বড়ইতলী বাইতুন নূর মাদ্রাসা নামে নতুন সাইনবোর্ড লাগানো হয়। এতে স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় রফিকুলের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন আবদুল ওহাব।মাদ্রাসার অধ্যক্ষ আলী হায়দার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও সাইনবোর্ড ভাঙার ঘটনা ঘটেছে।আবদুল ওহাব বলেন, ‘ইউপি চেয়ারম্যান হঠাৎ আমার মায়ের নামের প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করেছেন। তিনি প্রতিষ্ঠানটি দখলে নেওয়ার চেষ্টা করছেন।’ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে থানায় বসার কথা আছে। তবে মাদ্রাসা দখল ও সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সাইনবোর্ড ভাঙচুর ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে