
নিউজ ডেস্কঃ প্রচণ্ড বাতাসে নদী উত্তাল থাকার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের বড় ফেরিগুলো। এতে নৌ-রুটের উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েছেন নৌ-রুট পার হওয়ার অপেক্ষায় থাকা সাধারণ যাত্রী ও পরিবহনগুলোর শ্রমিকরা। আজ সোমবার সকালে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ রুটের বড় ফেরিগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে উভয় ঘাটসংশ্লিষ্ট দায়িত্বশীলরা বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান,সকাল থেকে নদীতে প্রচণ্ড বাতাস থাকায় দুর্ঘটনা এড়াতে বড় ফেরিগুলোর চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ছোট ও মাঝারি ছয়টি ফেরি দিয়ে নৌ-রুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় বাস ও ট্রাক মিলিয়ে প্রায় দেড় শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি রয়েছে।
এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বড় ও একটি ছোট ফেরি মেরামতে রয়েছে। বাকি ১৩টি ফেরির মধ্যে সাতটি বড় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় দেড় শতাধিক যানবাহন নৌ-রুট পার হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ওই যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে জানান তিনি। এদিকে,গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকার কারণে অল্প যাত্রী নিয়ে সীমিতভাবে লঞ্চ চলাচল করছে বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম।