News71.com
 Bangladesh
 12 Jun 17, 02:27 PM
 185           
 0
 12 Jun 17, 02:27 PM

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক: গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম শরবেশ আলী (৩৬)। তিনি টাঙ্গাইলের বাগবাড়ি এলাকার কাসেম আলীর ছেলে। আদালত সূত্র জানায়, দুই সন্তানের জনক ভ্যানচালক শরবেশ আলী তাঁর স্ত্রী শাহিদা বেগমকে (৩০) নিয়ে কালিয়াকৈরের মৌচাক আমবাগানের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী শরবেশ প্রায় সময় স্ত্রীর কাছে টাকা চাইতেন। স্ত্রী টাকা না দিলে তাঁদের মধ্যে ঝগড়া হতো। ২০১৪ সালের ২ এপ্রিল রাতে স্বামী শরবেশ আলী তাঁর স্ত্রীর কাছে ফের টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে শরবেশ আলী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বিছানায় বালিশচাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যান।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ নিহত শাহিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শাহিদার মামা ফরহাদ হোসেন বাদী হয়ে শরবেশ আলীকে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শরবেশ আলীকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম এ হত্যা মামলায় শরবেশ আলীকে অভিযুক্ত করে ওই বছরের ৭ জুলাই গাজীপুর আদালতে চার্জশিট দেন। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম নিউজ ৭১কে জানান, মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন আকন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন