News71.com
 Bangladesh
 12 Jun 17, 11:50 AM
 238           
 0
 12 Jun 17, 11:50 AM

এসপির অপসারণ দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট

এসপির অপসারণ দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনের অপসারণের দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট শুরু হয়েছে। পুলিশ সুপারের বিরুদ্ধে জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হাসান জোয়ার্দ্দারকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় বড় বাজার শহীদ হাসান চত্বরের সমাবেশ থেকে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। হোটেল, রেস্তোরাঁ ও সবজির দোকানও বন্ধ করে দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা করাকে কেন্দ্র করে শহরের রেলবাজারে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশের হাতে দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হাসান জোয়ার্দ্দার লাঞ্ছিত হন। সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার এবং সদস্য শামসুল ইসলাম ও সেলিম হোসেনকে আটক করা হয়। পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন দোকান মালিক সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধের পর ব্যবসায়ীদের একটি অংশ উসকানিমূলক আচরণ করে। ওই সময় ব্যবসায়ী নেতাদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়। উভয় পক্ষ দুপুরে থানায় বসে শান্তিপূর্ণ আলোচনা ও আটক ব্যক্তিদের মুচলেকায় ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে সমস্যার নিষ্পত্তি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাহী হাকিম ফখরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা সাড়ে ১১টার দিকে রেলবাজারে অভিযান পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন, বিএসটিআই খুলনার পরিদর্শক মো. কামরুজ্জামান। দোকানে মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য রাখার অপরাধে মো. আলাউদ্দিন ও মো. সালাউদ্দিন নামের দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে আদালতের কর্মকর্তারা গাড়িতে চড়ে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় ব্যবসায়ীদের একটি অংশ কর্মকর্তাদের ঘেরাও করে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না বলে হুঁশিয়ারি দেয়। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশের একটি বিশেষ দল সেখানে যায়। এরপরও উত্তেজনা অব্যাহত থাকে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে রেলবাজারের ঘটনা জানাজানি হলে পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ঘটনাস্থলে যান এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন। ওই সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হাসান জোয়ার্দ্দার পুলিশের হাতে লাঞ্ছিত হন। সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার এবং শামসুল ইসলাম ও সেলিম হোসেন নামের দুই ব্যবসায়ীকে থানায় নেওয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ী নেতা ও পুলিশের সঙ্গে কথা বলেন। আসাদুল হাসান দাবি করেন, পুলিশ সুপার তাঁকে চড় মেরেছেন ও অকথ্য গালাগাল করেছেন। দুপুরে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে পুলিশ সুপার ও দোকান মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। টানা এক ঘণ্টার বৈঠকের পর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়।


বেলা তিনটায় দোকান মালিক সমিতির কার্যালয়ে কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ও পরিদর্শক (অপারেশন) আমীর আব্বাস ওই কার্যালয়ে যান এবং নেতাদের আলোচনার আহ্বান জানালে নেতারা তা প্রত্যাখ্যান করেন। এরপর শহরে মাইকিং করে সব দোকানদারকে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বড় বাজার শহীদ হাসান চত্বরে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। দোকান মালিকেরা হাসান চত্বরে অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে সরানো হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দোকান মালিক সমিতির নেতারা বক্তব্য দেন। বেলা সাড়ে চারটায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন পুলিশ সুপার দোকান মালিক সমিতির সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তাই পুলিশ সুপারের অপসারণ না করা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ দোকান মালিক সমিতির আন্দোলনের খবরটি তিনি শুনেছেন। সরকারি কাজে যে বা যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন