
নিউজ ডেস্কঃ যাতায়াত ও আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের অভ্যন্তরীণ রুট ঢাকা-চট্টগ্রাম রেলপথ। চাহিদার পরিপ্রেক্ষিতে রুটটিকে করা হয়েছে ডাবল লাইন। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের সঙ্গে যাতায়াত ব্যবস্থায় সময় কমেছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ রেলপথের ৬ কিলোমিটার এলাকায় বর্ষা মৌসুমে ট্রেন চলাচল করছে ঝুঁকি নিয়ে। ঘণ্টায় ৭২ কিলোমিটারের পরিবর্তে ওই স্থানে ট্রেন চলে এখন সর্বোচ্চ ১০ কিলোমিটার বেগে। গত ২৫ মে থেকে কয়েকদিন টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলের মিরসরাইয়ের কাছে একটি সেতুর নিচে মাটি ধসে যায়। ওই দিন চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ প্রায় ৮ ঘণ্টা বন্ধ ছিল। ওই সময়ে উভয় পথে আটকা পড়েছিল প্রায় ১২টি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরাও।
পূর্বাঞ্চল রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ মে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে অতিবৃষ্টির ফলে চট্টগ্রামের মিরসরাইয়ের মাস্তাননগর-চিনকি আস্তানা সেকশনের ৬ কিলোমিটার এলাকায় কয়েকটি রেলওয়ে সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। সেগুলোর নিচের নরম মাটি পানির চাপে সরে গেছে। এতে রেললাইনটি দুর্বল হয়ে পড়ে। ওই দিন রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা ত্রুটি সারাতে না পারায় ডাউন লাইন চালুর মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। ঝুঁকি এড়াতে ওই লাইনের অনুমোদিত গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়। নতুন ডাবল লাইনে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নিয়ম থাকলেও দুর্বল লাইনের কারণে ওই অঞ্চলের সর্বোচ্চ গতি ১০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। তবে দ্রুত মেরামত না করলে আগামী বর্ষায় ঢাকা-চট্টগ্রাম রাস্তার বিভিন্ন সেকশনে দুর্ঘটনা ঝুঁকি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বলেছেন, বর্ষা ও যে কোনো দুর্যোগের আগে পরিবহন বিভাগের পক্ষ থেকে প্রকৌশল বিভাগকে রেলপথ মেরামতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এ বছর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকৌশল বিভাগের পক্ষ থেকে রেলপথ মেরামত করা হয়নি। এতে টানা বৃষ্টিতে রেলপথে ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া কয়েক বছর আগেও টানা বর্ষণের পর রেললাইন থেকে দ্রুত পানি সরে যেত। কিন্তু মিরসরাই, সীতাকু- এলাকায় রেললাইনের পাশে বিভিন্ন বড় শিল্প গ্রুপের স্থাপনা তৈরির পর রেললাইনের পানি সহজে সরছে না। ফলে রেললাইনের ক্ষতি হচ্ছে। রেললাইনের পানি দ্রুত নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বর্ষায় ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন সেকশনে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ মো. রফিকুল ইসলাম বলেন, অতি বৃষ্টির কারণে মিরসরাই এলাকায় রেললাইনে পানি জমে যাওয়ায় সেখানকার নরম মাটি সরে যায়। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের স্বাভাবিক গতি ৭২ কিলোমিটার। তবে বর্ষা মৌসুমে ঝুঁকি এড়াতে স্বাভাবিকের চেয়ে কম গতিতে ট্রেন চালানোর নির্দেশনা আছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমাদের সময়কে জানান, মিরসরাইয়ের মাস্তাননগর-চিনকি আস্তানা সেকশনের ৬ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রেলপথে তাৎক্ষণিকভাবে বালির বস্তা দেওয়া হয়েছে যাতে মাটি সরে না যায়। কিন্তু বর্ষা মৌসুমকে সামনে রেখে রেললাইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে।