
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে আগামী চার বছরের জন্য বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন,সাহিত্য ও সংগীত এবং বিশ্ব সংস্কৃতি বিষয়ে অধ্যায়ন ও গবেষণা,কলা,সংগীত ও নৃত্য,চারুকলা, নাট্যকলা,সামাজিক বিজ্ঞান,কৃষি ও সমবায়,ব্যবসা প্রশাসন,আইন,বিজ্ঞান, জীববিজ্ঞান,ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণা হবে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর ওই বছরের ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এর অর্থায়ন করছে।